জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের ‘দিল-লুমিনাতি’ কনসার্ট তারিখের ঠিক আগে আইনি সমস্যার সম্মুখীন হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর চণ্ডীগড়ে অনুষ্ঠিতব্য এই কনসার্টে গান পরিবেশনের ক্ষেত্রে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে চণ্ডীগড় শিশু অধিকার সুরক্ষা কমিশন।
কমিশনের নির্দেশ অনুযায়ী, দিলজিৎ মদ বা সহিংসতা সম্পর্কিত গান পরিবেশন করতে পারবেন না। ‘পাটিয়ালা পেগ’, ‘৫ তারা’ এবং ‘কেস’ এর মতো গানের কথা উল্লেখ করে কমিশন জানিয়েছে, গানের কথা পরিবর্তন করেও এই নিষেধাজ্ঞা এড়ানো যাবে না।
চণ্ডীগড় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন শিপ্রা বংশাল জানান, ‘কনসার্টে শিশুদের উপস্থিতি এবং মঞ্চে তাদের আমন্ত্রণের বিষয়টি আমাদের নজরে এসেছে। এছাড়া উচ্চ শব্দমাত্রা এবং গভীর রাত পর্যন্ত চলা কনসার্টে মদের পরিবেশনা শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে।’
কমিশন আরও জানায়, এর আগে দিলজিৎ দোসাঞ্জের হায়দরাবাদ এবং আহমেদাবাদের কনসার্টেও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেসময় তিনি গানের কথা পরিবর্তন করে ‘দারু’ (মদ) শব্দের বদলে ‘কোক’ এবং ‘ঠেকা’ (মদের দোকান) শব্দের বদলে ‘হোটেল’ ব্যবহার করেছিলেন।
চলতি বছরের ১৫ নভেম্বর হায়দরাবাদে তার কনসার্টের সময়ও তেলেঙ্গানা সরকার একই ধরনের বিধিনিষেধ আরোপ করেছিল। দিলজিৎ তখন গানের কথা পরিবর্তন করলেও, সরকারের দ্বিমুখী নীতির সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘যদি ভারত মদের বিক্রি বন্ধ করে, তাহলে আমি মদ বা সহিংসতা সম্পর্কিত গান গাওয়া বন্ধ করব।’
দিলজিৎ দোসাঞ্জের এই কনসার্টকে ঘিরে তরুণদের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে। তবে কমিশনের এই নিষেধাজ্ঞা কনসার্টের আয়োজনে প্রভাব ফেলতে পারে। আয়োজকরা এখনও আনুষ্ঠানিকভাবে এই নির্দেশের ব্যাপারে প্রতিক্রিয়া জানায়নি। এর আগে পাঞ্জাবি গায়ক করণ আউজলার কনসার্টেও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল চণ্ডীগড় শিশু অধিকার সুরক্ষা কমিশন।
শুটিংয়ে আহত অক্ষয় কুমার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের নির্দেশ 