উল্লাপাড়ায় ২৮ লাখ টাকাসহ ডাচ বাংলা ব্যাংকের ২ কর্মচারীকে অপহরণ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের ২৮ লাখ টাকাসহ দুই কর্মচারীকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে অপহরণকারীরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলার পৌর সদরের সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তা থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন- উল্লাপাড়া উপজেলার পৌর শহরের ঝিকিড়া গ্রামের মামুন হোসেন (২৩) ও মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)। এই দুইজন ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের উল্লাপাড়া শাখার কর্মচারী।

উল্লাপাড়া ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট মীর বাবু জানান, ঘটনার সময় একটি ব্যাগে করে ২৮ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে দুই কর্মচারী মেরাজ ও মামুন উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে টাকা পৌঁছে দিতে যাচ্ছিলেন। উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তায় অপহরণকারীরা একটি মাইক্রোবাস নিয়ে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর ৫/৬ জন অপহরণকারী মাইক্রোবাস থেকে নেমে তাদের দুই জনের মুখ চেপে ধরে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। 

তিনি আরও জানান, অপহরণকারীরা মোটরসাইকেলটি রাস্তার পাশে ফেলে রেখে গেছে। তিনি ইতোমধ্যেই ব্যবস্থা নিতে উল্লাপাড়া থানা পুলিশকে বিষয়টি জানিয়েছেন। 

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নিয়ামুল হক জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। 

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, অপহৃত দুই কর্মচারীকে তাড়াশ এলাকার বিশ্বরোডের পাশে থেকে উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসা চলছে। জিজ্ঞাসা শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত