পাবনায় ৩ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া অবৈধভাবে ইট প্রস্তুত এবং পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করার অপরাধে এ অভিযান চালানো হয়।

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ এএম

পাবনার ফরিদপুর উপজেলায় পরিবেশদূষণকারী অবৈধ তিনটি ইটভাটার চিমনি ও কিলন এক্সকাভেটর (ভেকু) দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও সাতটি ইটভাটা মালিকের কাছ থেকে নগদ ৩০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার (২ নভেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

আভিযানিক দল জানায়, লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া অবৈধভাবে ইট প্রস্তুত এবং পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করার অপরাধে এ অভিযান চালানো হয়। মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) রেজওয়ান-উল-ইসলাম। 

অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউশন প্রদান করেন। এ সময় পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে মি. ইউসুফ আলী জানান, পরিবেশের ক্ষতি করার দায়ে তিনটি অবৈধ ইটভাটার চিমনি ও কিলন চাকার মাধ্যমে পুরোপুরি ভেঙে অকার্যকর করে দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন অনিয়মের অপরাধে আরও সাতটি ইটভাটা থেকে মোট ৩০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে ও বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানাম কর্মকর্তা। 

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষা ও ভাটা ভাঙার কার্যক্রমে সহযোগিতা প্রদান করেন পাবনা জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিসের একটি চৌকস দল।

সর্বশেষ সর্বাধিক পঠিত