পতিত স্বৈরাচার থেমে নেই: জামায়াত আমির

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পতিত স্বৈরাচারদের দীর্ঘদিনের অন্যায়, অনাচার ও জুলুমের পরে ৫ আগস্ট বাংলাদেশ তার পথ ফিরে পেয়েছে। দেশের মানুষ এখন শান্তিতে-স্বস্তিতে শ্বাস নিতে পারছে। কিন্তু পতিত স্বৈরাচাররা এখনও থেমে নেই। তারা একের পর এক বিভিন্ন ষড়যন্ত্র করে চলেছে কিন্তু স্বৈরাচার ও তাদের দোসরদের সকল পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছেন।

আজ শুক্রবার সকালে সিলেট জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশ গঠনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। আমরা ছাত্র-জনতার স্বপ্নের-সাম্যের বাংলাদেশ গড়তে চাই। দেশবাসী দীর্ঘ দিন বহু ত্যাগ স্বীকার করেছে। আগামীর বাংলাদেশ গঠনে প্রয়োজনে আগের থেকেও আরও বেশি ত্যাগ স্বীকার করতে হবে। তিনি সবাইকে সকল বৈষম্য, অন্যায়, অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, দেশে-বিদেশে অনেক ষড়যন্ত্র, চক্রান্ত হয়েছে জামায়াতের বিরুদ্ধে। সংগঠন হিসেবে আমাদের মতো এত বিশাল ক্ষতির স্বীকার হয়নি আর কেউ। এরপরও আমরা আমাদের নেতাকর্মীদের ধৈর্য ধরে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলাম। সবাই সে ডাকে সাড়া দিয়েছে। এত ক্ষয়-ক্ষতির পরেও কোনও অপশক্তি কাছে আমাদের মাথা নত করাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

সিলেট জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মো. ফখরুল ইসলাম।

জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম এবং মাওলানা মাশুক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ খান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমির হাফেজ আনওয়ার হোসাইন খান, হবিগঞ্জ জেলা জামায়াত সেক্রেটারি কাজী মহসিন আহমদ, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ প্রমুখ।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশ জেগে উঠেছে। আমাদের তরুণ আর যুবকরা প্রমাণ করেছে দেশবাসী ঐক্যবদ্ধ হলে স্বৈরাচার যত শক্তিশালীই হোক তারা টিকে থাকতে পারে না।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশবিরোধী, স্বার্থান্বেষী একটি গোষ্ঠি না ষডযন্ত্র ও মিথ্যাচারের মাধ্যমে বাংলাদেশকে বিভাজিত করেছিল। কিন্তু ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের পর দেশবাসী আজ ঐক্যবদ্ধ। এই ঐক্যই আমাদের শক্তি। এটাকে ধরে রাখতে হবে।

জেলা আমির মাওলানা হাবিবুর রহমান সভাপতির বক্তব্যে বলেন, ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছে দুর্নীতির বিরুদ্ধে এবং সুশাসনের পক্ষে আমরা যেকোনও ত্যাগ স্বীকার করতে পারি। সুশাসন প্রতিষ্ঠায় দেশবাসী জামায়াতের দিকে চেয়ে আছে। আমাদের সেই প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত