ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে নৈপুণ্যে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের জয় দিয়ে প্রথম টেস্ট হারের ক্ষতে প্রলেপ দিলেও প্রিয় ফরম্যাট ওয়ানডেতে হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশকে। ওই দুই সিরিজের পর এবার টি-টোয়েন্টি ফরম্যাটে লিটন দাসের দলকে মুখোমুখি হতে হবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও এই সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ ওপেনার সৌম্য সরকার।
সেন্ট কিটসে ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ এখন অবস্থান করছে সেন্ট ভিনসেন্টে। টি-টোয়েন্টির প্রস্তুতি শুরু করে দিয়েছে লিটনের দল। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটে টেস্ট ও ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তবে টি-টোয়েন্টিতে বিসিবি দায়িত্ব তুলে দিয়েছে লিটন দাসের কাঁধে। বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় সেন্ট ভিনসেন্টে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ।
তার আগে চলছে ছোট ফরম্যাটে লড়াইয়ে নামার প্রস্তুতি। শুক্রবার ফ্লাডলাইটের আলোতে অনুশীলনের পর সৌম্য বলেছেন, ‘ভালো কিছু করার প্রত্যয় নিয়েই মাঠে নামবো আমরা। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে ফল আমাদের পক্ষেই আসবে। দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগই সেরা ছন্দে ফিরতে পারলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো কিছু করা সম্ভব।’
কদিন আগেই হয়ে যাওয়া গ্লোবাল সুপার লিগে দারুণ ছন্দে ছিলেন সৌম্য। বাঁহাতি ব্যাটারের আত্মবিশ্বাসও তাই তুঙ্গে। ফাইনালের ম্যাচসেরা ও টুর্নামেন্ট সেরা পুরস্কার ওঠে তার হাতে। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। পাঁচ ম্যাচে করেছেন ১৮৮ রান। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান টি-টোয়েন্টি সিরিজে, ‘কিছুদিন আগে এখানকার কন্ডিশনে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা হয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ ভিন্ন। এখানে বড় বা ছোট দল বলে কিছু নেই; যারা ২০ ওভার ভালো খেলবে, তারাই জিতবে।’
ওয়ানডে সিরিজে ব্যাটাররা একটি ম্যাচ ব্যর্থ হলেও বাকি দুই ম্যাচে সফল হয়েছেন। তবে বোলাররা এই সিরিজে হতাশ করেছেন। সৌম্যরা আশা তাসকিন-শরিফুলরা ফর্মে ফিরবেন, ‘আরেকটা ব্যাপার হলো, ওয়ানডেতে আমরা ভালো খেলে আসছিলাম। কিন্তু শেষ দুই-একটা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যেও একটা ভালো ব্যাপার আছে, আমরা ব্যাটাররা তিনশ রান করছি, এটাও একটা ভালো দিক। আমাদের বোলাররা সবসময় ভালো করে আসছিল, এই সিরিজে হয়তো তারা একটু সংগ্রাম করেছে।’
সৌম্য আরও বলেছেন, ‘আমি আশা করি তারা সামনের টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াবে। পাশাপাশি আমরা ব্যাটাররা যারা রান করছিলাম বা রান করছে সবাই। যেহেতু আমরা ওয়ানডেতে ৩০০ রান করছি। এটার ধারাবাহিকতা যদি তারা বজায় রাখতে পারে তাহলে বোলার ও ব্যাটার মিলে একটা ভালো সিরিজ হবে।’
দিয়াবাতের গোলে ঢাকা ডার্বি মোহামেডানের
রাব্বীর ক্যাচ নিয়েও জিততে পারলেন না শান্ত