দিয়াবাতের গোলে ঢাকা ডার্বি মোহামেডানের

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ পিএম

যোগ করা ৫ মিনিট সময়ের দ্বিতীয় মিনিটে আবাহনীর আরমান ফয়সাল নষ্ট করলেন সুবর্ণ সুযোগ। ডি বক্সের মধ্যে সুমন রেজার পাসে পাওয়া বলে জোরালো শট নিলেও লক্ষ্য ঠিক রাখতে পারেননি। এর তিন মিনিট পরে অবশ্য জাল ঠিকই ভেদ করে আবাহনী। তবে বিধিবাম, অফসাইডে কাটা পড়ে সেই গোল। সেখানেই শেষ হয়ে যায় ধানমণ্ডির ক্লাবটির ম্যাচে ফেরার সুযোগ। প্রথমার্ধে সুলেমান দিয়াবাতের একমাত্র গোলে দুই ঐতিহ্যবাহী ক্লাবের ঢাকা ডার্বি নিজেদের করে নেয় মোহামেডান।

এবারের প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডান দুই দলেরই হোম ভেন্যু একই, কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। তাই চির প্রতিদ্বন্দ্বী দুই দল ঘরের মাঠেই মুখোমুখি হয় নিজেদের। তবে বিদেশি খেলোয়াড়হীন আবাহনীকে শেষের সময়টুকু ছাড়া আগ্রাসী হতে দেয়নি মোহামেডান।

প্রথমার্ধে দারুণ ছন্দে ছিল মোহামেডান। অন্তত চারটি ভালো সুযোগ তৈরি আলফাজ আহমেদের শিষ্যরা। তবে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় যোগ করা সময় অব্দি। সতীর্থের থেকে পাওয়া ক্রসে ৬ গজের মধ্যে লাফিয়ে উঠে বলে মাথা ছোঁয়ান মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে। আবাহনীর জাতীয় দলের গোলরক্ষক মিতুল মারমাতে ফাঁকি দিয়ে সেই হেড গড়ায় জালে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণের সুযোগ ছিল সাদা-কালোদের সামনে। কিন্তু আর্নেস্ট বোয়েটাং ৬ গজের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের শট নিলেও তা বারের ওপর দিয়ে যায়। ৭৪ মিনিটে সানডের পাসে দিয়াবাতে দ্বিতীয় গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন। বক্সে ঢুকে মালির স্ট্রাইকার শট নিলেও পোস্ট বাধা হয়ে দাঁড়ায়। 

একপেশে ম্যাচটি জমে ওঠে শেষ দিকে। গোল শোধে মরিয়া হয়ে ওঠা আবাহনী উত্তেজনা বাড়ায় ক্ষণে ক্ষণে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বল ছিল বেশিরভাগ মোহামেডানের বক্সেই। তবে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন মারুফুল হকের শিষ্যরা। তাতে মৌসুমের প্রথম হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়তে হয় আবাহনীকে।

দিনের আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সের জালে এক হালি গোল দিয়ে জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। প্রথমার্ধের ৩৬ ও ৪১ মিনিটে জোড়া গোল করেন রক্ষণভাগের খেলোয়াড় আল আমিন। দ্বিতীয়ার্ধে ৭৯ মিনিটে ব্যবধান বাড়ান দীপক রায়। এর দুই মিনিট পরেই চতুর্থ গোলটি করেন শাহ কাজেম কিরমিনি। এতে ৩ ম্যাচে দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান পুলিশের। আর টানা তৃতীয় হার দেখতে হয়েছে ওয়ান্ডারার্সকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত