মালয়েশিয়া পাচারকালে টেকনাফ থেকে নারী শিশুসহ ৩০ রোহিঙ্গা উদ্ধার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ এএম

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া পাচারের নামে ‘জিন্মি করে মুক্তিপণ আদায়কালে’ অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন নারী ও ১২ জন শিশু। তারা সকলে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

গতকাল শনিবার সকালে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী পাড়ায় এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘গতকাল সকালে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী পাড়া এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশে জড়ো করে জিম্মিপূর্বক মুক্তিপণ আদায়ের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন দৌঁড়ে পালানোরী চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিলেও পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। পরে স্থানীয় বাসিন্দা জনৈক সাইফুল ইসলামের বসত ঘরে তল্লাশি চালিয়ে ৩০ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ‘উদ্ধার হওয়ারা জানিয়েছেন, দালাল চক্রের লোকজন মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে তাদের জড়ো করেছিল। পরে তাদের জিন্মি করে দালালরা মুক্তিপণ আদায় করছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত