৩ লাখে বিক্রি হলো ৩২ কেজির জাবা মাছ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ পিএম

সুন্দরবনের নদীতে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে সাড়ে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি জাবা মাছ। গত বৃহস্পতিবার ধরা পড়ে মাছটি। গতকাল শনিবার সন্ধ্যার পর লোকালয়ে আনা হয় মাছটি। এরপর মাছটি ৩ লাখ ১২ হাজার টাকায় কিনে নেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের রোহন মৎস্য আড়তের মালিক আবু মুসা।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারি গ্রামের জেলে দেলোয়ার হোসেনের জালে মাছটি ধরা পড়ে। 

জেলে দেলোয়ার হোসেন জানান, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশন থেকে পাস নিয়ে গত মঙ্গলবার সকালে তারা সুন্দরবনে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে গত বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে মাছ ধরার সময় তাদের জালে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের জাবা মাছটি ধরা পড়ে। মাছটি তিনি ৩ লাখ ১২ হাজার টাকায় বিক্রি করেছেন।

জানা গেছে, জাবা মাছের ফুলকা জীবনরক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তা ছাড়া এ মাছের ফুলকা দিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন ও কোরিয়ায় সুস্বাদু সুপ তৈরি হয়, যা অনেক দামি।

গত বছর সুন্দরবনের নদী থেকে ৩৬ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি পুরুষ জাভা মাছ ধরা পড়েছিল। সেটি বিক্রি হয়েছিল ১০ লাখ টাকায়। এসব মাছ সর্বোচ্চ ৫০ থেকে ৭০ কেজি ওজন হয়। পুরুষ মাছের ফুলকার ওজন বেশি হয়। তাই দামও বেশি পাওয়া যায়। তবে মা মাছের ফুলকা পুরুষ মাছের তুলনায় ছোট হয়ে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত