‘জব হ্যারি মেট সেজালে’ শাহরুখের প্রভাব কেমন ছিল?

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ পিএম

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক কমেডি মুভি ‘জাব হ্যারি মেট সেজাল’ বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়। শাহরুখ খান এবং আনুশকা শর্মা অভিনীত এই ছবির পরিচালক ইমতিয়াজ আলি সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে চলমান গুঞ্জনের জবাব দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানান, ছবির চিত্রনাট্য বা পরিচালনায় শাহরুখ খানের তারকাখ্যাতি কখনোই প্রভাবিত করেনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমতিয়াজ আলিকে জিজ্ঞাসা করা হয়, শাহরুখ খানের ‘তারকাখ্যাতি’ কি তার মূল সৃজনশীল ভাবনায় প্রভাব ফেলেছিল? ইমতিয়াজ আলি জবাবে বলেন, ‘শাহরুখ কখনোই সিনেমার উপর নিজের ইচ্ছা চাপিয়ে দেননি। তবে তিনি বিশাল তারকা, যার অনেক প্রত্যাশা পূরণ করতে হয়। আমি যখন এই ছবির চিত্রনাট্য লিখছিলাম, তখন তার তারকাখ্যাতির কথা মাথায় রাখিনি।’

তিনি আরও বলেন, ‘শাহরুখের মতো একজন তারকা থাকলে কিছু ক্ষেত্রে স্ক্রিপ্টে সামান্য পরিবর্তন আনা যায়, কিন্তু ছবির আত্মা যেন অক্ষুণ্ণ থাকে, সেটাই আসল কথা। সিনেমার চিত্রনাট্যে আরও কিছু ব্যাখ্যা, সম্ভবত কিছু ফ্ল্যাশব্যাক এবং ঐতিহ্যগত গঠন থাকলে ছবিটি আরও ভালো হতে পারত।’ তিনি জানান, ছবির চরিত্রগুলোর আকাঙ্ক্ষা এবং উদ্দেশ্য স্পষ্ট করার ক্ষেত্রে আরও মনোযোগী হওয়া উচিত ছিল।

এর আগে এক সাক্ষাৎকারে ইমতিয়াজ বলেছিলেন, ‘সব সময় একটি সিনেমা দর্শকদের প্রত্যাশা পূরণ করে না। কিন্তু এর মানে এই নয় যে ছবিটির সবকিছু ভুল ছিল। ‘জব হ্যারি মেট সেজাল’-এ আমি সাধারণ দর্শকের আরও কাছাকাছি আসতে চেয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পেরেছি এটা আমার নিজস্ব শৈলীর সাথে যায় না। একজন পরিচালকের উচিত সেই ধরনের সিনেমা তৈরি করা, যেটা তিনি সত্যিই বানাতে চান।’

জব হ্যারি মেট সেজাল’-এ শাহরুখ খানকে পাঞ্জাবি গাইড হরিন্দর সিং নেহরার ভূমিকায় এবং আনুশকা শর্মাকে গুজরাটি মেয়ে সেজাল পারিখের চরিত্রে দেখা গেছে। এটি শাহরুখ এবং আনুশকার তৃতীয় যৌথ কাজ, এর আগে তারা ‘রব নে বানা দি জোড়ি’ এবং ‘জাব তাক হ্যায় জান’ -এ একসঙ্গে অভিনয় করেছিলেন।

সাক্ষাৎকারের শেষে ইমতিয়াজ আলি বলেন, ‘আমি চাই দর্শকরা আমার আসল সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গি উপভোগ করুক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত