র‌্যাব পরিচয়ে কলেজছাত্র অপহরণ

নরসিংদী থেকে উদ্ধার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ এএম

বগুড়া শহরের একটি ছাত্রাবাস থেকে গত শুক্রবার গভীর রাতে ‘র‌্যাবের পোশাক’ পরে র‌্যাব পরিচয়ে ফেরদৌস (২২) নামে এক কলেজছাত্রকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে গত শনিবার রাতে তাকে নরসিংদী জেলার মাধবদী এলাকা থেকে পুলিশ উদ্ধার করেছে। রাত ১১দিকে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে র‌্যাব পরিচয়ে ওই যুবককে যারা তুলে নিয়ে গিয়েছিল তাদের আটক করতে না করতে পারলেও মুক্তিপণের টাকা নিতে আসা দুই নারীকে নারায়ণগঞ্জে আটক করেছে পুলিশ। সদর থানার ওসি এসএম মঈন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া সদর থানা পুলিশ জানায়, শুক্রবার রাত ৩টার দিকে শহরের জহরুলনগর এলাকার একটি ছাত্রাবাস থেকে র‌্যাবের পোশাক পরা পাঁচ ব্যক্তি ফেরদৌস নামে সরকারি শাহ সুলতান কলেজের অনার্স চূড়ান্ত পর্বে পড়ুয়া ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়। মোবাইল ফোনে রেকর্ড করা একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তিরা ফেরদৌসকে পেটাতে পেটাতে রাস্তা দিয়ে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে। র‌্যাব কিংবা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফেরদৌসকে আটক করেনি, এটি নিশ্চিত হওয়ার পর তার স্ত্রী মাহবুবা বগুড়া সদর থানায় একটি অপহরণ মামলা করেন শনিবার। বিকেল নাগাদ পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৭ লাখ টাকা দাবি করে একটি চক্র। চক্রের পাঠানো বিকাশ নম্বরে ফেরদৌসের পরিবার কিছু টাকা পাঠানোর পর সেই টাকা নিতে গেলে সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দুই নারীকে আটক করে।

সদর থানার ওসি এস এম মঈন উদ্দীন জানান, ওই দুই নারীকে আটকের কিছু সময় পর ভুক্তভোগী ফেরদৌস মোবাইল ফোনে পরিবারকে জানান তাকে অপহরণকারীরা ছেড়ে দিয়েছে এবং পুলিশের হাতে আটক দুই নারীকে ছেড়ে দিতে বলেছে।

একপর্যায়ে আহত অবস্থায় ফেরদৌসকে নরসিংদী জেলার মাধবদী থানা এলাকার একটি ফার্মেসির সামনে থেকে পুলিশ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছে। অপহৃত ফেরদৌস এবং আটক দুই নারীকে নিতে বগুড়া জেলা পুলিশের একটি টিম নরসিংদী ও নারায়ণগঞ্জ গিয়েছে। তিনি আরও জানান, র‌্যাবের পোশাক পরে এবং র‌্যাব পরিচয়ে যারা এ ঘটনার সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত