বিজয় দিবসে জাতীয় নাগরিক কমিটির কর্মসূচিতে কৃষক দলের হামলার অভিযোগ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি চলাকালে বরিশালে জাতীয় নাগরিক কমিটি ও বরিশাল মহানগর কৃষক দলের মধ্যে হাতাহাতি এবং চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সোহেল চত্বরে আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে। পরে সড়কে দায়িত্ব পালনরত পুলিশের হস্তক্ষেপে দুই পক্ষকে আলাদা করা হয়।

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য ডা. মাহমুদা মিতু অভিযোগ করে বলেন, ‘আমরা মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া ও অলোচনা সভার আয়োজন করেছিলম। শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কর্মসূচি চলছিল। হঠাৎ আমাদের উপর হামলা করা হয়েছে।"

তিনি আরও বলেন, ‘আমরা বারবার জানিয়েছি, আমরা জাতীয় নাগরিক কমিটির সদস্য। আমাদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা নেই। কিন্তু কৃষক দলের লোকজন মিথ্যা অপবাদ দিয়ে আমাদের ওপর হামলা করেছে।’

অপরদিকে, বরিশাল মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান বলেন, আমরা মিছিল নিয়ে আসার পথে দেখি, জাতীয় নাগরিক কমিটির ব্যানারে আওয়ামী লীগপন্থিরা সড়ক আটকে প্রোগ্রাম করছে। তাদের এ ধরনের কর্মকাণ্ডের কারণে বাকবিতণ্ডা হয়। পরে আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে দিই।

এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সতর্ক অবস্থানে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত