ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় বিসিসিআই

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম

আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে চলমান জটিলতা নিয়ে সমাধানের আশা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংস্থার সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সমস্যা দ্রুত সমাধান করবে এবং প্রতিযোগিতা নির্বিঘ্নে সম্পন্ন হবে। একইসঙ্গে তিনি সাফ জানিয়েছেন, ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় বিসিসিআই। 

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাকিস্তানে পাঠানোর বিষয়ে আগেই আপত্তি জানিয়েছিল বিসিসিআই। তাদের প্রধান যুক্তি, ক্রিকেটারদের নিরাপত্তা। বিষয়টি আরও পরিষ্কার করে রাজীব শুক্লা বলেন, ‘আমাদের কাছে ক্রিকেটারদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনও পরিস্থিতিতেই আমরা ঝুঁকি নিতে পারি না। আমরা এই সমস্যার সমাধানে আশাবাদী।’ 

শুক্লা আরও বলেন, ‘বিসিসিআই চায় চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করা হোক। আইসিসি চেয়ারম্যান বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করছি ভারত ও পাকিস্তান কোনও রকম তিক্ততা ছাড়াই একমত হবে এবং বন্ধুত্বপূর্ণ সমাধান পাওয়া যাবে।’ 

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক পাকিস্তান। একদিনের ফরম্যাটে সেরা আটটি দল নিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। তবে ভারত-পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন এই আয়োজনের পথে বড় অন্তরায়। ২০০৮ সালের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। শুধু বহুদলীয় প্রতিযোগিতাতেই একে অপরের মুখোমুখি হয় তারা। 

মুম্বাইয়ের হামলার ঘটনার পর ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তার শঙ্কায় পাকিস্তানে দল পাঠানো বন্ধ করে দেয় বিসিসিআই। এমনকি, গত বছর এশিয়া কাপ আয়োজনের সময়ও একই কারণে পাকিস্তানে দল পাঠায়নি তারা। প্রতিযোগিতাটি হয়েছিল হাইব্রিড মডেলে— পাকিস্তান ও শ্রীলঙ্কায় ভাগ হয়ে। বিসিসিআই চায়, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিও একইভাবে আয়োজন করা হোক। 

তবে বিসিসিআইয়ের কড়া অবস্থানের বিপরীতে গত বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাবর আজমদের পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ বিষয়টি নিয়েও চলছে আলোচনা। আইসিসি কি শেষ পর্যন্ত ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানো বা হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজনের পথ খুঁজে পাবে, তা নিয়ে এখন ক্রিকেটবিশ্বে শুরু হয়েছে নানা জল্পনা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত