সাদপন্থীদের মুরুব্বি সৈয়দ ওয়াসিফুলসহ ১৫ জনের নামে মামলা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ পিএম

আসন্ন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিরোধের জেরে এবার সাদপন্থীদের শীর্ষ মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করেছেন শুরায়ে নেজামের মোহাম্মদ হোসেন নামে এক সাথী।

মামলার আসামিরা হলেন- সৈয়দ ওয়াসিফুল ইসলাম (৭০), মাওলানা আব্দুল্লাহ মনসুর (৫৫), মাওলানা মোয়াজ বিন নূর (৪০), মাওলানা জিয়া বিন কাসেম (৪৫), মুফতি আজিমুদ্দিন (৪৫), মুফতি ওসামা ইসলাম (৪২), মুফতি সৈয়দ আনোয়ার আবদুল্লাহ (৪৫), মুফতি সফিউল্লাহ (৪৫), মাওলানা আনাস (৪৫), হাজী বসির শিকদার (৫৫), মোহাম্মদ মনির হোসেন তুষার উরফে হাজী মনির (৪০), ইঞ্জিনিয়ার মুহিবুল্লাহ (৭০), রেজা আরিফ (৫২), আতাউর রহমান (৫০) ও অ্যাডভোকেট ফরিদ (৪৫)।

মামলায় বলা হয়, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের পার্শ্ববর্তী স্টেশন রোড মোড়ে শুরায়ে নেজামের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালনরত তাবলিগের সাথী ও তাওহিদি ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে তাদের চলমান নোয়া গাড়ি অত্যন্ত দ্রুততার সঙ্গে হত্যার অপচেষ্টা করে সাথীদের ওপর তুলে দেয়। এতে সাঈদ আহমদকে (২০) গাড়ির নিচে চাপা দিতে চাইলে তিনি দ্রুত সরে পড়ার সময় গাড়ির সামনের ধারালো স্টিলের আঘাতে মারাত্মক জখম হন। ওই গাড়ির প্রচণ্ড ধাক্কায় অপর একজন প্রায় ৫/৭ হাত দূরে ছিটকে পড়ে যান এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখমপ্রাপ্ত হন। আসামিরা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করে অপরাধ করেছেন।

তাবলিগ জামাতের শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান সাংবাদিকদের জানান, ২০১৮ সালে ইজতেমায় দুই মুসল্লি নিহতের ঘটনায় গত ১২ ডিসেম্বর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জুবায়ের অনুসারীরা। এসময় সাদপন্থিরা স্টেশন রোড অতিক্রমের সময় হামলার ঘটনা ঘটলে পাঁচজন আহত হন। এ ঘটনায় ৩৪ জনকে শনাক্ত করে টঙ্গী পশ্চিম থানায় ৩৪ জনের নামে মামলা করেন সাদপন্থিরা।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, দুই পক্ষের দুটি মামলা রেকর্ড হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত