বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:১১ এএম

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এলাকাবাসী ও প্রতিবেশীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।

গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। রশিদ চৌধুরী উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তিপুর এলাকার বাসিন্দা এবং ওই এলাকার মৃত বদিয়ার রহমানের ছেলে।

বিএনপি নেতা রশিদ চৌধুরী জানান, আমরা সবাই গভীর ঘুমে ছিলাম। হঠাৎ বিকট গুলির শব্দ পাই, এতে অমাদের ঘুম ভেঙে যায়। গুলি শব্দ শুনে বাড়ির ভেতরে সবাই ছুটাছুটি শুরু করে। কিছুক্ষণ পর গুলি থেমে যায় এবং দুর্বৃত্তরা পালিয়ে যায়।

জয়ন্তিপুর বাজারের নাইট গার্ডের বরাত দিয়ে তিনি জানান, দুই মোটরসাইকেলে মোট ৬ জন দুর্বৃত্ত তার বাড়িতে গুলি চালিয়ে মালঞ্চি বাজারের দিকে চলে যায়। পরে থানা পুলিশকে জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থল থেকে দুটি পিস্তলের তাজা গুলি ও ৭টি খালি খোসা উদ্ধার করে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমিনুল হক জানান ,খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আলামত সংগ্রহ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত