বাগাতিপাড়ায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ পিএম

নাটোরের বাগাতিপায় দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তিপুর গ্রামে রশিদ চৌধুরীর বাড়ির সামনে প্রতিবাদ সমাবেশ করে বাগাতিপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংঠনের নেতাকর্মীরা। এর আগে বিকেলে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা একই ঘটনায় বিক্ষোভ মিছিল করেন।

বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সাবেক সভাপতি ও জজ কোর্টের পিপি রুহুল আমিন টগর, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুর রহমান, লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানান। সেইসাথে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার জামনগর, পাঁকা, দয়ারামপুর, ফাগুয়ারদিয়াড় ও বাগাতিপাড়া সদর ইউনিয়ন এবং পৌরসভায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১ টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলি ও সাতটি গুলির খোসা উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত