ব্যালন ডি'অর জিততে না পারার দু:খ ভুলে ফিফা দ্য বেস্ট জয় উদযাপন করছেন ভিনিসিয়ুস জুনিয়র। আজ রাতে দোহায় ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামার আগে ইনস্টাগ্রামে এক বার্তায় পুরস্কারটি উৎসর্গ করেন সেই স্বপ্নদ্রষ্টা শিশুটিকে, যিনি একদিন ফ্ল্যামেঙ্গোতে নিজের অসীম সম্ভাবনার প্রমাণ দিয়ে বিশ্বকে পরিবর্তন করতে পেরেছিলেন।
ভিনিসিয়ুস লেখেন, "আমি এলাম, দেখলাম এবং জয় করলাম। আজ আমি সেই শিশুটির কাছে লিখছি, যে একদিন এত আইডলকে এই ট্রফি তুলতে দেখেছিল... তার সময় এসে গেছে। বরং বলি আমার সময় এসে গেছে। সময় এসে গেছে বলার যে... হ্যাঁ, আমি বিশ্বের সেরা খেলোয়াড় এবং এর জন্য আমি কঠোর সংগ্রাম করেছি।"
তিনি আরও বলেন, "ওরা চেষ্টা করেছে এবং এখনও চেষ্টা করছে আমাকে অগ্রাহ্য করতে, আমাকে ছোট করে দেখাতে। কিন্তু তারা প্রস্তুত নয়। কেউ আমাকে বলবে না কার জন্য লড়তে হবে, কীভাবে আচরণ করতে হবে। যখন আমি সাও গনসালোতে ছিলাম, তখন সিস্টেম আমাকে নিয়ে ভাবেনি। তারা আমাকে প্রায় গিলে ফেলেছিল। আমি নিজে এবং আমার পরিবারের জন্য জয় করেছি।"
তারপরে ভিনিসয়ুস ধন্যবাদ জানান তাদেরকে, যারা তার এই যাত্রায় পাশে ছিলেন। "অনেক সমর্থন ছিল এই পথে: ফ্ল্যামেঙ্গো, রিয়াল মাদ্রিদ, ব্রাজিলিয়ান জাতীয় দল, আমার শত শত সতীর্থ, যারা বছরের পর বছর ধরে আমার সঙ্গে থেকেছে... যারা প্রতিদিন আমার রুটিন অনুসরণ করে, আমাকে প্রশংসা করে... বিশ্বের সেরা খেলোয়াড়!" — তিনি গর্ব ভরে তার বক্তব্য শেষ করেন।
