‘ছিলাম এক দরিদ্র শিশু, যে রাস্তায় খালি পায়ে ফুটবল খেলত’

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম

ব্যালন ডি’অর ধরা না দিলেও ফিফা দ্য বেস্ট জিতে নিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা ভিনি এখন বিশ্বতারকা। কিন্তু ভুলেননি নিজের অতীতকে। কাতারে জমকালো অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের সময় ভিনির কণ্ঠে ফুটে উঠল তার সংগ্রামী দিনগুলোর কথা। স্মরণ করলেন সেই সময়ে তার পাশে থাকা মানুষদেরও।

ফিফার মঞ্চে উঠে ভিনি বলেন, ‘জানি না কোথা থেকে শুরু করব। এটা (পুরস্কার) এতটাই দূরে ছিল যে মনে হয়েছিল এ পর্যন্ত আসাটা অসম্ভব। আমি ছিলাম এমন একটা শিশু, যে সাও গনকালোর রাস্তায় খালি পায়ে ফুটবল খেলেছে। দারিদ্র্য ছিল, অপরাধে জড়ানোর কাছাকাছি চলে গিয়েছিলাম! এখানে আসাটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এটা অনেক শিশুদের জন্য, যারা মনে করে সবকিছুই অসম্ভব এবং এখানে আসাটাও সম্ভব না।’

ভিনি আরও বলেন, ‘যেসব খেলোয়াড়, কোচ, সাংবাদিক এবং আমার ভক্তরা যারা ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। পরিবারকেও ধন্যবাদ জানাতে হবে। তারা আমার স্বপ্ন পূরণে নিজেদের স্বপ্ন বিসর্জন দিয়েছে। (ফিফা) সভাপতিকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ কার্লো (আনচেলত্তি) এবং আমার দলকে, যারা আমাকে এখানে উঠে আসতে সাহায্য করেছে। তারা বিশ্বাস করতে শিখিয়েছে, আমিও পার্থক্য গড়ে দিতে পারি।’

বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এই ব্রাজিলিয়ান শেষে শেষে স্মরণ করেছেন তার সাবেক ক্লাব ফ্লামেঙ্গোকে। তার ভাষায়, ‘ফ্লামেঙ্গোকে ধন্যবাদ জানাতেই হবে। তারাই আমাকে মাঠে ও রাস্তায় দেখেছিল। ফ্লামেঙ্গো ছাড়া এখানে আসতে পারতাম না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত