অবহেলার অবসান চান শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ পিএম

দীর্ঘ বছর আটকে থাকা পদোন্নতিসহ পেশাগত নানা বৈষম্যের অবসান চান দেশের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলেছেন, সারা দেশে প্রায় ৬৩৮টি হাসপাতালে শিশুদের স্বাস্থ্যসেবা দেন শিশু ও নবজাতকসহ অন্য সাবস্পেশালিটির বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাসপাতাল ও রোগী অনুপাতে যে পরিমাণ চিকিৎসক দরকার, এসব বিভাগের চিকিৎসক দরকার, বাস্তব চিত্র ভিন্ন। যুগ যুগ ধরে এ খাতে কর্মরত চিকিৎসকরা অবহেলিত।

আজ বুধবার রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরের মূল ফটকে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে চিকিৎসকরা একথা বলেন। বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন চার দফা দাবি আদায়ে এই কর্মসূচির আয়োজন করে। এ সময় তারা বৈষম্য নিরসনে চার দফা দাবি উপস্থাপন করেন।

অবস্থান কর্মসূচিতে চিকিৎসকরা জানান, জনসংখ্যার ৪৫ শতাংশ শিশু হলেও সরকারি হাসপাতালের শয্যা সংখ্যার মাত্র ১৩ শতাংশ শিশু রোগীর জন্য বরাদ্দ। তারা প্রতিটি সরকারি হাসপাতালে শিশু রোগীদের সংখ্যার অনুপাতে হাসপাতালে বিছানার সংখ্যা বর্ধিতকরণ ও চিকিৎসকদের জন্য নতুন পদসৃজন এবং ছাত্রছাত্রীদের অনুপাতে শিক্ষকদের পদসৃজন এবং পরবর্তীতে ইনসিটু পদোন্নতি প্রদানকারী চিকিৎসকদের সৃজন করা পদে আত্তীকরণের দাবি জানান।

এ ছাড়া ঢাকায় একটি আন্তর্জাতিক মানের সরকারি বিশেষায়িত ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব চাইল্ডহেলথ’ স্থাপন, শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের পদের অতিরিক্ত পদোন্নতি ও পদায়ন ও প্রয়োজনে ওএসডি অ্যাটাচমেন্ট/ইনসিটু পদায়ন, পেডিয়াট্রিকস জুনিয়র কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক পদে, মেডিসিন, সার্জারি ও গাইনি অ্যান্ড অবসের সঙ্গে সাম্যতা আনতে ওএসডি অ্যাটাচমেন্ট/ইনসিটু পদোন্নতি প্রদানের দাবি জানান চিকিৎসকরা।

অবস্থান কর্মসূচিতে বিপিএ আহ্বায়ক অধ্যাপক ডা. মেসবাহ উদ্দিন আহম্মেদ, সদস্য সচিব ডা. মো. বেলায়েত হোসেন ঢালী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান (শিশু) অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত