চ্যানেল এসের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ পিএম

২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিলেতের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস। সোমবার চ্যানেলটির নিজস্ব ভবনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও কমিউনিটির স্বতস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে জননন্দিত চ্যানেলটি।

একই সাথে প্রতিষ্ঠানটি বাংলাদেশের ৫৩তম বিজয় দিবসও পালন করে। ১৬ ডিসেম্বর চ্যানেল এস দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত লাইভ এবং রেকর্ডেড বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে। সন্ধ্যা ৭টা থেকে লাইভ অনুষ্ঠানে কমিউনিটির শতাধিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে চ্যানেল এসকে।

লন্ডন সময় রাত ৮টায় কেক কাটা হয়। টেলিভিশনের হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খানের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলীল, ভাইস চেয়ারম্যান আব্দুল হক, সিইও তাজ চৌধুরী, হেড অব নিউজ মিলটন রহমান, নিউজ ইনচার্জ রুপি আমীন, সিনিয়র নিউজ প্রেজেন্টার ড. জাকি রেজওয়ানা আনোয়ার।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন সাবেক ব্রিটিশ এমপি পল স্কালি, ব্যারোসে পলা মঞ্জিলা উদ্দিন, সাবেক এমপি কেইথ বেস্ট, ডেপুটি লেফটেন্যান্ট ড. মোহাম্মদ সাখাওত হোসাইন, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি মৌমিতা জিনাত টাওয়ার হ্যামলেটস ডেপুটি মেয়র মায়ূম মিয়া তালুকদার, হ্যারো কাউন্সিলের মেয়র কাউন্সিলর সেলিম চৌধুরীসহ কমিউনিটির বিশিষ্টজন।

অতিথিরা বলেন, গত ২০ বছরে ব্রিটেনের বাংলা কমিউনিটির দিক নির্দেশক হিসেবে কাজ করেছে চ্যানেল এস এবং তারা ইতিবাচক বাংলাদেশকেও তুলে ধরেছেন।

চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি বলেন, আপসহীন মনোভাব এবং নিরপেক্ষ অবস্থান চ্যানেল এসকে সব থেকে আলাদা করেছে। এভাবেই আপনাদের ভালোবাসায় চ্যানেল এস এগিয়ে যেতে চায়। চ্যানেল এসের ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলীল নতুন নতুন আইডিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সকলের সহযোগিতা চান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত