ঈদে মুখোমুখি তারা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৯ এএম

সাম্প্রতিক সময়ে সিনেমা মুক্তি পেলেও সেভাবে দর্শক টানতে পারেনি। তাই নির্মাতা-প্রযোজক, হল মালিক থেকে শুরু করে সবাই মুখিয়ে রয়েছেন আসন্ন ঈদকে ঘিরে। ইতিমধ্যে কিছু সিনেমার ঘোষণা হয়ে গিয়েছে যেগুলো ঈদকে ঘিরে নির্মিত হচ্ছে।

এরমধ্যে রয়েছে শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’। যা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। দুই তারকার লড়াইয়ে এবার যুক্ত হতে যাচ্ছেন আরেক তারকা সিয়াম আহমেদ। তিনিও প্রস্তুতি নিচ্ছেন ঈদে আসার।

জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন সিয়াম আহমেদ।

এর আগে কয়েক দফায় সিনেমাটির মুক্তি পেছালেও সঠিক সময়ে মুক্তির অপেক্ষা করছিলেন তারা। তাদের মতে, এটি ঈদে মুক্তি দেওয়ার মতো সিনেমা। শিগগিরই আসবে অফিশিয়াল ঘোষণা।

সিয়াম আহমেদ দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে বলেন, ‘এরমধ্যেই কয়েকবার সিনেমাটির মুক্তি পিছিয়েছে। একটা সঠিক সময়ে সিনেমাটি মুক্তি দিতে চেয়েছি আমরা। দর্শকরাও অপেক্ষা করছেন। আর আমরাও দর্শকদের রিঅ্যাকশন বোঝার চেষ্টা করছিলাম। ঈদে আসতে পারলে মন্দ হয় না।’

প্রসঙ্গত, মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল। এ ছাড়া রয়েছেন যীশু সেনগুপ্ত। আইটেম গানে দেখা যাবে নুসরাত জাহানকে। অন্যদিকে শিহাব শাহীনের ‘দাগি’-তে নিশোর সঙ্গে জুটি হচ্ছেন তমা মির্জা। থাকছেন সুনেরাহ বিনতে কামালও।

এম রাহিমের ‘জংলি’-তে সিয়াম আহমেদের সঙ্গে জুটি হয়ে পর্দায় আসছেন শবনম বুবলী। রয়েছেন দীঘিও। এখন দেখার পালা পর্দার লড়াইয়ে কে থাকে এগিয়ে!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত