ভাতা না বাড়লে ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতির হুঁশিয়ারি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ এএম

আগামী ২১ ডিসেম্বরের মধ্যে দেশের পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রকাশ না হলে আগামী ২২ ডিসেম্বর থেকে সারা বাংলাদেশে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকবা কর্মবিরতিতে যাবেন।

বুধবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি। এই সংগঠনের নেতৃত্বে ভাতা বৃদ্ধি ও সকল বৈষম্য দূর করার আন্দোলন করছেন চিকিৎসকরা।

সংগঠনের পক্ষ থেকে একই দাবিতে ২২ ডিসেম্বর রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ সাল থেকেই বেসরকারি পোস্ট গ্রাজুয়েট চিকিতসকরা যৌক্তিক দাবি  ভাতা বৃদ্ধির জন্য রাজপথে আন্দোলন করে আসছে৷ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর চিকিৎসকরা বিসিপিএস, বিএসএমএমইউ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সচিব এবং সহকারী স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সায়েদুর রহমানসহ সকলের সাথে দেখা করেন। এসময় তারা ভাতা বৃদ্ধির দাবিকে যৌক্তিক বলেন এবং দ্রুত বাস্তবায়ন করবেন বলে কথা দেন। 

চিকিৎসকরা আরও জানান, ভাতা বৃদ্ধির প্রয়োজনীয় নথি যথার্থ ধাপ পার করে অর্থ মন্ত্রণালয় পাঠানো হয়েছে। কিন্তু ওই ফাইল অর্থ মন্ত্রণালয়ে নথিভুক্ত হয়ে পড়ে আছে। এর প্রতিবাদে ১৪ ডিসেম্বর ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির নেতৃত্বে শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয় এবং ৪৮ ঘণ্টার আল্টিমেটামও দেওয়া হয়। পরদিন ১৫ ডিসেম্বর ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস থেকে দুজন মুখপাত্র ডা. জাবির হোসেন ও ডা. তানভীর আহমেদ , নাগরিক কমিটির পক্ষ থেকে ডা. আহাদ এবং ডা আশরাফ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সারজিস আলমসহ অর্থ মন্ত্রণালয়ে মিটিং করা হয় । আশ্বস্ত করা হয় সেদিনই (১৫ ডিসেম্বর) এই নথিটি অনুমোদন দিয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ে পাঠানো হবে। কিন্তু ১৮ ডিসেম্বর পর্যন্ত ভাতা বৃদ্ধির নথি স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠানো হয়নি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে চিকিৎসকরা এখন অধিকার আদায়ে এবং যৌক্তিক দাবি বাস্তবায়নে রাজপথে নামতে বাধ্য হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত