সিরাজগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে দূর্বৃত্তরা হাজী সেলিম রেজা (৫০) নামের এক আওয়ামী লীগ নেতার দুই পায়ের রগ কেটে দিয়েছে। একই সঙ্গে তার দুই পা ও ডান হাত ভেঙে দিয়েছে ও মাথায় কুপিয়ে গুরুতর জখম করেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ণবাসন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
আহত হাজী সেলিম রেজা সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর গ্রামের মৃত হারু শেখের ছেলে। তিনি সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য।
আহত হাজী সেলিম রেজার ছেলে আব্দুল জলিল জানান, সকাল ৭টার দিকে ২০/২৫ জন বিএনপি নেতাকর্মী পূর্নবাসন এলাকায় আমাদের বাড়ির সামনে থেকে আমার বাবাকে ধরে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। এরপর তারা বাবাকে পিটিয়ে দুই পা, ডান হাত ভেঙে দিয়েছে এবং দুই পায়ের রগ কেটে দেন। এ ছাড়া মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায়। পওে আমার বাবাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। এরপর তাকে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ বিষয়ে সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম রাজা বলেন, সেলিম রেজা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সরকার পতনের পর থেকে তিনি পালিয়ে ছিলেন। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন নিয়ে তিনি তিনদিন ধরে বাড়িতে অবস্থান করছিলেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মো. রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসী সেলিম রেজা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত যুবদল নেতা রঞ্জু ও ২০১৪ সালে নিহত ইউনিয়ন যুবদল নেতা জবান আলী হত্যা মামলার আসামি। সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। এলাকায় আসার পর স্থানীয় জনতা তাকে ধরে মারধর করার পর পুশির হাতে তুলে দিয়েছে। এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নেই।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, সেলিম রেজাকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেছেন। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
‘কম্বল পাঠানোর কথা ছিল এখন বাবাই আসছে লাশ হয়ে’
আ. লীগ নেতাকর্মীর ৩৫ বাড়িতে আগুন, নেভাতে ফায়ার সার্ভিসকে বাধা
বগুড়ার সাবেক এমপি নেত্রকোণায় গ্রেপ্তার