আওয়ামী লীগ সরকারের অধীনে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে অংশ নেওয়ায় উশ্যেপ্রু মারমা নামে এক সদস্যকে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটি বলছে, আওয়ামী ফ্যাসিবাদের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অবৈধ জাতীয় নির্বাচন জাতির সঙ্গে প্রহসনের এক নির্মম চিত্র। এমন নির্বাচনে প্রার্থিতা করা কেউ জাতীয় নাগরিক কমিটির কোনো পর্যায়েই সদস্য হিসেবে থাকতে পারেন না।
গতকাল শুক্রবার রাতে গণমাধ্যমে সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদপত্রের বরাতে আমরা লক্ষ করেছি যে, জাতীয় নাগরিক কমিটির বর্ধিত কেন্দ্রীয় কমিটির সদস্য উশ্যেপ্রু মারমা ২০২৪ সালের ৭ জানুয়ারির ডামি নির্বাচনে তৃণমূল বিএনপির হয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ি আসন থেকে প্রার্থী হয়েছিলেন। কাজেই কেন্দ্রীয় সদস্য উশ্যেপ্রু মারমাকে সদস্যপদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। ভবিষ্যতে জাতীয় নাগরিক কমিটি এ সংক্রান্ত ব্যাপারে অধিকতর সতর্কতা অবলম্বন করবে।’
