‘রেমিট্যান্সযোদ্ধারা রিয়েল হিরো’

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ এএম

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেছেন, বর্তমানে দেশের চারদিকে যে চাকচিক্য তা অভিবাসীদের রেমিট্যান্সের কারণে হয়েছে। তাদের প্রেরিত অর্থ বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এসব রেমিট্যান্সযোদ্ধাই দেশের রিয়েল হিরো। রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানো উচিত। তিনি বলেন, অভিবাসী শ্রমিকদের প্রখর দেশাত্মবোধ রয়েছে।

গতকাল শুক্রবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ‘অভিবাসী কর্মীদের যথার্থ মূল্যায়নই রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করতে পারে’ শীর্ষক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও বক্তব্য দেন হেলভেটাস বাংলাদেশের সিমস প্রকল্প পরিচালক আবুল বাসার। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করছে সিমস প্রকল্প, হেলভেটাস বাংলাদেশ।

আবু আহমেদ বলেন, তারা বিগত ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ও রেমিট্যান্স প্রেরণ বন্ধ করে ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেছিল। নানা শর্তের বেড়াজালে আইএমএফ চার বিলিয়ন ডলার ঋণ প্রদান করেছে। অথচ প্রবাসীরা কোনো শর্ত ছাড়াই বছরে ২৪-২৫ বিলিয়ন ডলার দেশে প্রেরণ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত