মগবাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আপন (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

পথচারী মো. বাপ্পি জানান, দুপুরে মগবাজার রেলগেটের পাশে বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ওই কিশোর। দেখতে পেয়ে তাকে সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।

এদিকে দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে আসেন নিহতের চাচাতো ভাই শরিফুল ইসলাম। তিনি জানান, তাদের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী হাজীপাড়া এলাকায়। আপনের বাবা মৃত গোলাম মোস্তফা। আর মা অন্যত্র বিয়ে করে সেই সংসার নিয়ে থাকেন। ঢাকায় মগবাজার এলাকায় তাকত আপন। ভবঘুরে জীবনযাপন করত সে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত