সড়কে আবারও চাঁদা আদায়, প্রতিবাদে চালকদের বিক্ষোভ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬ পিএম

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলায় চলাচল করা যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোরিকশা থেকে প্রতিটি স্ট্যান্ডে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় পরিচালিত বিভিন্ন সংগঠনের নামে প্রতিদিন অবৈধভাবে লাখ লাখ টাকা চাঁদা আদায় করত প্রভাবশালী একটি চক্র। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে চাঁদাবাজি বন্ধ হওয়ায় পরিবহনচালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছিল।

সাড়ে চার মাস পর গত ১৯ ডিসেম্বর থেকে এ উপজেলার মহাসড়কসহ শহরের বিভিন্ন পয়েন্ট ব্যাটারি চালিত প্রতিটি অটোরিকশা থেকে আবারো ৪০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। ফলে চালকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই পরিস্থিতিতে আজ রবিবার (২২ ডিসেম্বর) চাঁদা বন্ধের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছেন প্রায় শতাধিক ব্যাটারি চালিত অটোরিকশা চালক। বেলা আড়াইটার দিকে উপজেলার হাজীপুর মডেল মসজিদের সামনে জড়ো হয়ে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় বিক্ষোভ থেকে চাঁদাবাজের চামরা, তুলে নেব আমরা স্লোগানে প্রকম্পিত হয় চারপাশ।

অটোরিকশা চালক সোহাগ আক্ষেপ করে বলেন, ‘ভেবেছিলাম ৫ তারিখের পর থেকে চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পেলাম। কিন্তু হঠাৎ করে আবার এই চাঁদা আদায় শুরু হওয়ায় কষ্টও পেয়েছি। তাই প্রতিবাদ জানাতে সকলে একত্রিত হয়েছি। এই চাঁদা আদায় বন্ধ না হলে আমরা পরবর্তীতে আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করব।’

বিক্ষোভে অংশগ্রহণকারী ৮-১০ জন চালক জানান, ‘সহায় সম্বল না থাকায় আমরা পেটের দায়ে অন্যের ব্যাটারি চালিত অটো রিকশা ভাড়ায় চালাই। রাস্তাতেই যদি আমাদেরকে প্রতিদিন ৪০ টাকা করে চাঁদা দিতে হয়। তাহলে মালিককে টাকা দিয়ে আমাদের আর কী থাকে? এই চাঁদাটা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।’

সড়কে চাঁদা নেওয়ার ব্যাপারে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ সংক্রান্ত কোনো তথ্য আমার জানা নেই, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আশিক খান দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা পৌরসভা থেকে যে ইজারা দিয়েছি তার কার্যাদেশ এখনও দেওয়া হয়নি। আসছে জানুয়ারি থেকে এইটা কার্যকর হবে। সেখানে প্রতি অটোরিকশার জন্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। অটোচালকদের কাছ থেকে চাঁদা নেওয়ার বিষয়ে জেনেছি। আগামী দুইদিনের মধ্যে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত