‘কোনো ধর্মের লোক বাদ দিয়ে সম্প্রীতিমূলক রাষ্ট্র হবে না’

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, জাতি হলো রংধনুর মত। একটি রং বাদদিলে কখনো রংধনু হয় না। রংধনুকে যেমন আদালা করা যায় না, তেমনি দেশের কোনো ধর্মের অনুসারী বা গোষ্ঠীর লোকজনকে বাদ দিয়ে জাতি কিংবা সম্প্রীতিমূলক রাষ্ট্রগঠন হবে না। সকল ধর্মের অনুসারীদের নিয়েই আমরা বাঙালি জাতি।

রোববার (২২ ডিসেম্বর) রাত ৮ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকায় গ্রীন গার্ডেন পার্টি সেন্টারে সিদ্ধিরগঞ্জে বসবাসরত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা ও জনশক্তি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মামুন মাহমুদ বলেন, বিএনপি কেন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়, আর জনগণ কেন বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চায় তা ৩১ দফায় তুলে ধরা হয়েছে। কিছু মানুষ বলছে বিএনপি আর আওয়ামী লীগ মুদ্রার এপিট-ওপিট। তাদের এ ধারণা ঠিক নয়। আওয়ামী লীগের মত বিএনপি জনগণের সমর্থন ছাড়া বিনা ভোটে ক্ষমতায় যায়নি। সব সময় বিএনপি নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, হঠাৎ নেতা হওয়ার চেষ্টা না করে আগে নিজেকে উপযুক্ত করে গড়ে তুলে নেতা হোন।

বিএনপি ক্ষমতায় গেলে সংবাদপত্রের অবাদ স্বাধীনতা থাকবে উল্লেখ করে মামুন মাহমুদ বলেন, দেশের জনগণের হারিয়ে যাওয়া মৌলিক অধিকার জনগণের মাঝে ফিরিয়ে দেওয়ার বাধ্যকথা থেকেই একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি জুলাই-আগস্টের আন্দোলনে অংশ গ্রহণ করে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায় হলেও আমাদের কাঙিক্ষত সফলতা এখনো অর্জিত হয়নি। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত কাঙিক্ষত সফলতা অর্জিত হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাসান আহমেদের সভাপতিত্বে ও ঢাবি ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায়  এ আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, নারায়ণগঞ্জ ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাকের আহমেদ সোহান, রিয়াজ মজুমদার, অমিত ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. জুয়েল রানা,আহসান খলিল শ্যামল, ডা. সাবের হোসেন রাকিব ও মেহেদী হাসান ফারহান। এ ছাড়াও সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের বহু শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত