বিএনপি সরকারের বিরুদ্ধে জামায়াত-এনসিপি জোটের পরিকল্পিত অপপ্রচারে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, অপপ্রচার, মিথ্যাচার ও লাগামহীন উস্কানিমূলক বক্তব্য দিয়ে জামায়াত-এনসিপি জোট দেশকে আবারও অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়। তারা রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তারা দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের দুরভিসন্ধিমূলক রাজনীতি পরিহার না করলে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নকামী জনগণই তাদের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধ করবে। বাংলাদেশের মানুষ আর কোনো অপশক্তিকে দেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে দেবে না।
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে হালুয়াঘাট পৌর শহরের মহিলা মার্কেট, উপজেলা পরিষদ এলাকা, পুরাতন বাসস্ট্যান্ড, জিরো পয়েন্ট, মধ্য বাজার ও কাঁচাবাজার এলাকায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধী দলের অপপ্রচারের বিরুদ্ধে লিফলেট বিতরণ শেষে মহিলা মার্কেট চত্বরে আয়োজিত পথসভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, রাজশাহীর সমাবেশে ডা. শফিকুর রহমান, নাসির উদ্দীন পাটোয়ারীসহ কয়েকজন বিরোধী নেতা যে ভাষায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন—তা শুধু রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত নয়, বরং পরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ। জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তারা দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়।
তিনি বলেন, বিএনপি সরকার যখন জনগণের কল্যাণে রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নির্বাচনপূর্ব অঙ্গীকার বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে, তখন জনবিচ্ছিন্ন কিছু রাজনৈতিক শক্তি জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে মিথ্যাচার, উস্কানি ও চরিত্রহননের রাজনীতি শুরু করেছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বলেই তারা এখন হতাশা থেকে বিষোদ্গারে নেমেছে।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে বারবার বলেছেন, বিএনপি সরকার অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু জামায়াত-এনসিপি জোটের নেতারা জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ইতিবাচক অবস্থানের বিরুদ্ধেই নেতিবাচক অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তথা গণভোটের বিষয় নিয়ে বিএনপি ও জনগণের সঙ্গে অন্তহীন প্রতারণা করা হলেও বিএনপি গণভোটের রায় নিয়ে কোনো নেতিবাচক অবস্থান নেয়নি। তারপরও বিরোধী দল এ বিষয় নিয়েও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। তিনি আরও বলেন, গণভোটের চারটি বিষয়ের মধ্যে সাড়ে তিনটি বিষয়ে বিএনপি সহমত পোষণ করে । বাকি বিষয়টি ঐকমত্যের ভিত্তিতে প্রণীত ও স্বাক্ষরিত জুলাই সনদের বহির্ভূত।
তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, মানুষের অর্থনৈতিক মুক্তি ও ভাগ্য পরিবর্তনের রাজনীতি যার ইতিহাসের অংশ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যাদের অবদান অবিস্মরণীয়—সেই দল বিএনপির বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ, অপপ্রচার ও কুৎসা রটাতে চায়, তারা ভুলে গেছে বাংলাদেশের জনগণ এখনো তাদের দলকে স্বাধীনতাবিরোধী শক্তি ও যুদ্ধাপরাধী হিসেবেই গণ্য করে। বাংলাদেশের আইনেও তারা পাক হানাদার বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত হয়েছে । বাংলাদেশের মাটি ও মানুষ কখনো মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির রাজনৈতিক অপপ্রচারকে গ্রহণ করবে না।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জামায়াতের আমীরের উচিত ইতিহাস ভুলে না যাওয়া। যারা একাত্তরে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের মুখে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপির বিরুদ্ধে কথা বলা রাজনৈতিক ভণ্ডামি ছাড়া কিছু নয়।
তিনি আরও বলেন, অত্যন্ত বিস্ময়ের বিষয় হলো, আজ জামায়াত ও তাদের মিত্ররা আওয়ামী লীগের ভাষা, আওয়ামী লীগের অপপ্রচার কৌশল এবং ফ্যাসিবাদী ন্যারেটিভ ধার করে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছে। যে ভাষায় একসময় আওয়ামী ফ্যাসিবাদ বিএনপিকে আক্রমণ করত, আজ সেই একই ভাষায় বিরোধী দলের কিছু নেতা কথা বলছেন। এতে প্রমাণ হয়, তাদের রাজনৈতিক উদ্দেশ্য জনগণের কল্যাণ নয়; বরং বিএনপিবিরোধী একটি অপশক্তির এজেন্ডা বাস্তবায়ন করা।
তিনি বলেন, কাচের ঘরে বসে ঢিল ছুড়লে নিজের ঘরের কাচই আগে ভাঙে। তাই অন্যকে নিয়ে কুৎসা রটানোর আগে নিজেদের রাজনৈতিক অতীত, ভূমিকা ও দায় জনগণের সামনে পরিষ্কার করা উচিত।
প্রিন্স হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপির ধৈর্যকে দুর্বলতা মনে করার কোনো সুযোগ নেই। জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত সরকার ও দেশের জনপ্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার ও রাজনৈতিক উস্কানি অব্যাহত থাকলে জনগণকে সঙ্গে নিয়েই তার সমুচিত জবাব দেওয়া হবে। বাংলাদেশের মানুষ আর ষড়যন্ত্রের রাজনীতি মেনে নেবে না। মুক্তিযুদ্ধে এবং সকল নির্বাচনে পরাজিতদের অপ প্রচারে জনগণ বিভ্রান্ত হবে না ।
গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় অন্যান্যের মধ্যে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘আরো সময়’ প্রয়োজন: কাতার