‘ডাক’ মারার রেকর্ড গড়লেন আফ্রিদির দেশের ওপেনার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম

‘ডাক’ মারায় পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির বেশ নামডাক (!) ছিল। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচে শূন্য রানে আউট হয়ে বিব্রতকর রেকর্ডে নাম লেখালেন পাকিস্তানের আবদুল্লাহ শফিক। এর মাধ্যমে তিনি ওয়ানডেতে পাকিস্তানের হয়ে একটানা সবচেয়ে বেশি ইনিংসে ‘ডাক’ মারার রেকর্ডে নাম লিখিয়েছেন।

গতকাল রবিবার জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ম্যাচে ইনিংসের দ্বিতীয় বলেই আউট হয়ে যান পাকিস্তানের এই ওপেনার। রীতিমতো ‘গোল্ডেন ডাক’। এর আগে পার্লে প্রথম ওয়ানডেতের ৪র্থ বলে, কেপটাউনে দ্বিতীয় ওয়ানডেতে ২ বল খেলে আউট হয়েছিলেন ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। দ্বিপক্ষীয় সিরিজে এটাই সর্বোচ্চবার শূন্য রানে আউটের যৌথ রেকর্ড। এই রেকর্ডের আরেক অংশীদার ভারতের সূর্যকুমার যাদব। বিব্রতকর রেকর্ডে নাম লেখালেন পাকিস্তানের আবদুল্লাহ শফিক।

সব মিলিয়ে চলতি বছর শফিক ৭ বার শূন্য রানে আউট হলেন, যার মধ্যে টেস্টে ৪ বার। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে টানা তিন ইনিংসে ‘ডাক’ মেরেছেন আরও ৫ জন। তারা হলেন- শোয়েব মোহাম্মদ (১৯৯৩), শাদাব কাবির (১৯৯৬), মোহাম্মদ ওয়াসিম (২০০০), শোয়েব মালিক (২০০৪) ও সালমান বাট (২০১০) তিন ইনিংসে ‘ডাক’ মেরেছিলেন।

ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি ইনিংসে শূন্য রানে আউট হওয়ার বিশ্বরেকর্ডের মালিক যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজের গাস লগি, শ্রীলঙ্কার প্রমোদ বিক্রমাসিংহে- লাসিথ মালিঙ্গা, জিম্বাবুয়ের হেনরি ওলোঙ্গা এবং ইংল্যান্ডের ক্রেইগ হোয়াইটের। তারা সবাই টানা চার ইনিংসে ‘ডাক’ মেরেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত