জকিগঞ্জ ও কানাইঘাটের স্কুল ও মাদ্রাসার পঞ্চম থেকে অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান করছে 'ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট'। গত ১৫ ও ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় ২ হাজার ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে, এর মধ্যে থেকে তিনটি গ্রেডে মেধাবী ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
জানা গেছে, মেধা গ্রেডে ২ হাজার ৫০০ টাকা, প্রথম গ্রেডে ২ হাজার টাকা এবং সাধারণ গ্রেডে ১ হাজার ৫০০ টাকা এককালীন প্রদান করা হবে। সেইসঙ্গে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সনদপত্র পাবেন। বৃত্তি বিতরণের এ অনুষ্ঠান আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।
গত ১৫ ডিসেম্বর দুপুরে জকিগঞ্জের পরচকস্থ মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান, ট্রাস্টের সচিব মো. শাব্বির আহমদ। ট্রাস্টের উদ্দেশ্য, সামাজিক গুরুত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি।
এ সময় শাব্বির আহমদ শিক্ষার্থীদের প্রতিভা উদ্দীপিত করতে, তাদের বিকাশে সহায়তা করতে এবং উচ্চ শিক্ষাকে উৎসাহিত করার ক্ষেত্রে এই কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। সভায় অন্য অতিথিদের মধ্যে ট্রাস্টের সহ-সভাপতি এ টি এম সেলিম চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসারসহ অন্য অতিথিরা ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক অবদান নিয়ে বক্তব্য রাখেন।
ট্রাস্টের লক্ষ্য হলো শিক্ষা উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং মানবিক সেবা প্রদান, যার মাধ্যমে জকিগঞ্জ ও কানাইঘাটের জীবনযাত্রার মান উন্নত করা। সভায় উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং আশা করা হয় যে, গণমাধ্যমে ট্রাস্টের অবদান ইতিবাচকভাবে তুলে ধরা হবে, যা এর প্রভাব বৃদ্ধিতে সহায়ক হবে।
