আসিফ মাহমুদ

নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়া সংস্কার কাজকে ব্যাহত করছে

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:২৫ পিএম

নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়ায় অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ‘নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়া... বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করছে এবং এক ধরনের বাধার সৃষ্টি করছে। সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সংস্কার কার্যক্রম হবে।’

তার মতে, ‘রাজনৈতিক সরকারের কাজ করার ক্ষেত্রে অনেক সংকট থাকলেও বর্তমান সরকারের একটা সুযোগ আছে সংস্কার করার। সেটাই এই সরকার করতে চায় এবং গণঅভ্যুত্থানে জনগণের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করতে চায়।’

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের কাহারোলে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে নির্বাচন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘সরকারের পক্ষ থেকে একটি টাইমলাইন দেওয়া হয়েছে যে ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন করা হবে। তবে এই সময়টা নির্ভর করছে পুরোপুরি আমাদের সংস্কার কার্যক্রমের ওপর।’

তিনি বলেন, ‘তিন মাসের মতো হয়ে গেছে এবং কমিশনগুলো খুব দ্রুতই তাদের রিপোর্ট প্রকাশ করবে। সেই রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা সংস্কার কার্যক্রমের দিকে সরকার যাবে। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই আমরা নির্বাচনের দিকে যাবো, নির্বাচন কমিশন এটা নিয়ে কাজ করছে।’

এখন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য না জানিয়ে উপদেষ্টা আসিফ বলেন, আমি বাংলাদেশ বর্তমান সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছি। তাই নির্বাচনের ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা অন্য কারও কী সিদ্ধান্ত সেটা আমি বলতে পারব না।

তিনি বলেন,  ‘আমাদের আন্দোলনের এক দফা ছিল ফ্যাসিবাদী সরকারের পতন এবং এই ব্যবস্থার বিলোপ। সেই এক দফা বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠান ও সব প্রতিষ্ঠানে যে ধরনের সংস্কার প্রয়োজন সেই সংস্কারের এজেন্ডা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সংস্কার কাজ শেষ করা হবে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘সুতরাং কাউকে এখানে বাদ দেওয়া হচ্ছে না, সকলকে সঙ্গে নিয়ে এই সংস্কার করা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত