কুষ্টিয়া

জেলের জালে ধরা পড়ল ১০ ফুট লম্বা কুমির

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের পদ্মা নদীর বালি ঘাট এলাকায় জেলেদের জালে একটি কুমির আটকা পড়েছে। সংবাদ পেয়ে কুমির দেখতে স্থানীয়রাসহ আশপাশের নারী-পুরুষ নদীর তীরে ভীড় করেন। পরে ঘটনাস্থল থেকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে কুমিরটি হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টায় পদ্মা নদীর ডান তীরস্থ মিরপুর উপজেলার তালবাড়ীয়া বালু ঘাটের নিকট মাছ ধরা জেলের জালে কুমিরটি আটকা পড়ে।

বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়ার সভাপতি শাহাব উদ্দিন মিলন জানান, তালবাড়ীয়া এলাকার শরিফুল ইসলাম নামের এক জেলের জালে একটি কুমির আটকা পড়ে। পরে আমরা সেখানে গিয়ে বন বিভাগে খবর দিলে বন বিভাগের কর্মকর্তারা কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,‘বেশ কিছুদিন ধরে পদ্মা নদী এবং তার শাখা গড়াই নদের কয়েকটি স্থানে কুমির ভাসতে দেখা যায়। মূলত খাবারের জন্য কুমিরটি নদীর চরেও উঠে আসে। এজন্য স্থানীয়রা কুমিরের খাবারের জন্য চরে ছাগল ও হাঁস-মুরগি ছেড়ে দেয়। কিন্তু কুমির সেগুলো খায়নি।

এ বিষয়ে সামাজিক বন বিভাগীয় কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র জানান, তালবাড়ীয়া ঘাট এলাকার পদ্মা নদী থেকে যে কুমিরটি উদ্ধার করা হয়েছে সেটি মিঠা পানির কুমির। কুমিরটি ১০ ফুট ৩ ইঞ্চি লম্বা এবং ৩৮ ইঞ্চি চওড়া ছিল। কুমিরটিকে বাসযোগ্য অনুকুল অভয়ারণ্যে যেখানে পদ্মার গভীরতা বেশি সেখানে অবমুক্ত করার জন্য ভেড়ামারার হার্ডিং ব্রীজের এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই অবমুক্ত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত