কর্মকর্তাদের বাধার মুখে অফিসে আসছেন না বেসরকারি খাতের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) মুহাম্মদ মনিরুল মওলা। গত ১৯ ডিসেম্বর কিছু কর্মকর্তা তাকে পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করেন। তারপর থেকেই তাকে আর অফিস করতে দেখা যায়নি। বাসায় আছেন কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি পদত্যাগ করেছেন বলে গুঞ্জন তৈরি হয়েছে।
এ বিষয়ে বক্তব্যের জন্য তাকে মোবাইল ফোনে কল করেও পাওয়া যায়নি। ব্যাংকটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদকেও পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে ইসলামী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অভ্যন্তরীণ সমস্যার কারণে ব্যবস্থাপনা পরিচালক এখন অনুপস্থিত আছেন। ব্যাংকটির অন্য একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আমরা শুনেছি এমডি মনিরুল মওলা পদত্যাগপত্র জমা দিয়েছেন। আগামী ২৯ ডিসেম্বর ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হবে।
২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখলের পর ব্যাংকটিতে প্রভাবশালী হয়ে ওঠেন মুনিরুল মওলা। শুরুতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান। আর ২০২০ সালের ডিসেম্বরে তাকে এমডি পদে নিয়োগ দেয় এস আলম মনোনীত পর্ষদ। সরকার পরিবর্তনের পর ব্যাংকটির পর্ষদে পরিবর্তন হলেও এমডি পদে বহাল থাকেন তিনি।
সম্প্রতি জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম, ব্যাংকটির এমডি ও সিইও মনিরুল মওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদক চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১-এ বাদী হয়ে মামলাটি করেন সংস্থাটির উপপরিচালক ইয়াছিন আরাফাত। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে মুরাদ এন্টারপ্রাইজের নামে এই টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন।
