রিউমর স্ক্যানারের প্রতিবেদন

বাংলাদেশে ৪০ হাজার হিন্দু ধর্ষণ নিয়ে ফেসবুকে পোস্ট করেনি এবিপি আনন্দ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৩ এএম

‘বাংলাদেশে ফের ধর্ষণের শিকার হিন্দুরা। আজকে ধর্ষণ হয়েছে ৪০ হাজার হিন্দু।’ শীর্ষক তথ্য বা শিরোনামে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ-এর ফেসবুক পোস্ট দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা স্ক্রিনশট সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে এসেছে, ‘বাংলাদেশে ফের ধর্ষণের শিকার হিন্দুরা। আজকে ধর্ষণ হয়েছে ৪০ হাজার হিন্দু’ শীর্ষক তথ্য বা শিরোনামে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ কোনো ফেসবুক পোস্ট করেনি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সম্পূর্ণ ভুয়া এই তথ্যের প্রচারে এবিপি আনন্দের নামে ভুয়া স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে। এবিপি আনন্দ-এর ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

পাশাপশি দেশীয় এবং আন্তর্জাতিক কোনো গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন তথ্য পাওয়া যায়নি। তবে এবিপির ওয়েবসাইটে গত ১৯ ডিসেম্বর ‘বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার, এবিপি আনন্দর নামে ‘ভুয়া পোস্ট’ করে উদ্দেশ্য প্রণোদিত এবং বিকৃত প্রচার সোশাল মিডিয়ায়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।

রিউমর স্ক্যানার বলছে, সুতরাং বাংলাদেশে ফের ধর্ষণের শিকার হিন্দুরা বা এক দিনে ধর্ষণ হয়েছে ৪০ হাজার হিন্দু, এমন তথ্য বা শিরোনামে এবিপি আনন্দ সংবাদ প্রকাশ করেছে বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত