আইসিসির প্রকাশিত বছরের শেষ র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছেন ভারতের পেসার জসপ্রিত বুমরা। লাল বলে র্যাঙ্কিংয়ে ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে তার শীর্ষস্থান আরও সংহত হয়েছে। শুধু তাই নয়, এর মাধ্যমে টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতের বোলারদের সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ড ছুঁয়েছেন বুমরা। ২০১৬ সালে সমান ৯০৪ রেটিং পয়েন্টই পেয়েছিলেন সদ্য অবসর নেওয়া স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বেশ কয়েকজন বোলারের উন্নতি হয়েছে। ১৩ ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে দশে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজসেরা হওয়া অফ-স্পিনার শেখ মাহেদি। ৩ ম্যাচের সিরিজে মাহেদী নিয়েছিলেন ৮ উইকেট। এছাড়া সিরিজে ৭ উইকেট শিকার করে ক্যারিয়ারসেরা ১১ নম্বরে উঠে এসেছেন পেসার তাসকিন আহমেদ।
দেশের সবেধন নীলমণি লেগস্পিনার রিশাদ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ৬ উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। ২১ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ক্যারিয়ারসেরা ১৭তম স্থানে। দুই তরুণ পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসানও ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন। ২৩ ধাপ এগিয়ে হাসানের অবস্থান ২৪ নম্বরে, ১৬ ধাপ এগিয়ে তানজিমের ৪৫ নম্বরে।
টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে প্রথম তিন স্থানে আগের মতোই আছেন ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুক এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। টেস্ট অল-রাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। ওয়ানডে ব্যাটারদের শীর্ষে বাবর আজম। বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আফগানিস্তানের রাশিদ খান। এই ফরম্যাটের শীর্ষ অল-রাউন্ডার আফগানিস্তানের মোহাম্মদ নবি।
জাতীয় দল ফেলে বিপিএলে আফ্রিদি, বেজায় চটেছেন আর্থার
বক্সিং ডে টেস্ট কী? কেন একে ‘বক্সিং ডে’ বলা হয়?
চ্যাম্পিয়নস ট্রফির কঠিন গ্রুপে কতটা সফল হবে বাংলাদেশ?