দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মুজিবুর রহমান

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, প্রতিবেশী দেশ থেকে ইসকনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য চেষ্টা ও ষড়যন্ত্র করেছে। তারা ভাবছে দেশ অস্থিতিশীল করে স্বৈরাচারকে ফিরে আনা সম্ভব। ১৮ কোটি মানুষ ঐক্য থাকলে তাদের দুঃস্বপ্ন কখও বাস্তবায়ন হবে না বাংলাদেশে। বাংলাদেশের স্বাধীনতা কেউ নস্যাৎ করতে পারবে না।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মাঠে জেলা আয়োজিত শ্রমিক গণজমায়েতের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ৭১ সালে স্বাধীনতার নামে সংগ্রাম করে আমাদের কপালে জুটেছে পরাধীনতা। সেই পরাধীনতার কারণে মানুষের মধ্যে আন্দোলনের চেতনা সৃষ্টি হয়। ওই পরাধীনতাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে স্বাধীনতার সত্যিকারের স্বাদ ফিরিয়ে আনার জন্য ২০২৪ সালের ৫ আগস্ট পরিণত হয়েছে। মানুষ মুক্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে। এই স্বাধীনতাকে যেন কেউ ছিনিয়ে নিতে না পারে সে জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। 

এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম বলেন, জামায়াত ইসলামীকে আপনারা যদি সমর্থন দিয়ে ক্ষমতায় নিয়ে আসেন, তাহলে আপনাকে ব্যবসার জন্য, তরকারি বিক্রির জন্য, রিকশা-ভ্যান কেনার জন্যে মানুষের কাছে যেতে হবে না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েমের মাধ্যমে প্রতিটি বাড়িতে বাড়িতে জামায়াত ইসলামী সকল মানুষের অধিকারকে নিশ্চিত করবে।

এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন নুরনবী ও সহ সাধারণ সম্পাদক মহসিন কবীর মুরাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত