মাত্র ১৯ বছর বয়সে টেস্ট অভিষেক হয়েছে। ক্যারিয়ারের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ শক্তিশালী ভারত, যে দলে আছেন স্যাম কনস্টাসের প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। মেলবোর্ন টেস্টের প্রথম দিনে সেই কোহলির কাছেই ধাক্কা খেতে হয়েছে দুর্দান্ত ব্যাটিংয়ে চমকে দেওয়া অস্ট্রেলিয়ার ওপেনার কনস্টাসকে। তবে প্রিয় ক্রিকেটারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার।
প্রথম সেশনের ড্রিংকস ব্রেকে বিরতিতে সম্প্রচারকারী চ্যানেলে কনস্টাসকে প্রশ্ন করা হয়, ‘আপনার প্রিয় ক্রিকেটার কোহলি হঠাৎই মাঠের মধ্যে আপনাকে ধাক্কা মেরেছে, কী বলেছিল তখন?’ জবাবে কনস্টাস বলেন, ‘মনে হয় আমরা দুজনেই তখন আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি ঠিক বুঝতে পারিনি ঘটনাটা। গ্লাভস ঠিক করছিলাম, এর মাঝেই কাঁধে ধাক্কা খাই। মাঠে এসব হতেই পারে। এটাই ক্রিকেট। মাঠের লড়াই মাঠেই থাকুক।’
কনস্টাসের কাছে জানতে চাওয়া হয়, অভিষেক টেস্টে তিনি কোন ভাবনা নিয়ে খেলতে নেমেছিলেন? কনস্টাসের উত্তর, ‘পুরো ব্যাপারটা স্বপ্নের মতো লাগছে। তবে স্বপ্ন সত্যি হয়েছে। মাঠে অনেক দর্শক, দলের সবাই আমাকে স্বাগত জানিয়েছে। কামিন্স বলেছিল ভয়ডরহীন ক্রিকেট খেলতে। গতকাল আমরা সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজ করেছি। অন্যদের পারিবারের সদস্যরাও ছিল। তাই দলের মধ্যেও একটা পারিবারিক আবহ আছে।’
অভিষেকের মঞ্চে কনস্টাস চমকে দিয়েছেন ভারতের পেস তারকা জসপ্রিত বুমরাকে স্কুপ আর রিভার্স স্কুপে বাউন্ডারি মেরে। তবে কনস্টাস দাবি করেন, বুমরাকে আক্রমণ করার কোনো পূর্বপরিকল্পনা ছিল না, ‘গতকালও এমন কিছু মাথায় ছিল না। ভালো ক্রিকেটীয় শট খেলতে চেয়েছিলাম। বুমরা নিঃসন্দেহে বিশ্বমানের বোলার। তাকে চাপে ফেলাটাই আমার উদ্দেশ্য ছিল। শেষ পর্যন্ত বুমরাকে কৌশল বদলাতে বাধ্য করেছি।’
কনস্টাসকে কোহলির ধাক্কা; ক্রিকেট দুনিয়ায় নিন্দার ঝড়
হাঁটুর বয়সী ক্রিকেটারকে ধাক্কা, শাস্তির মুখে বিরাট কোহলি
স্কুপ, রিভার্স স্কুপে বুমরাকে কাঁদিয়ে ছাড়লেন ১৯ বছরের কনস্টাস