সচিবালয়ে আগুন: কারণ খুঁজতে ৭ সদস্যের তদন্ত কমিটি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম

বাংলাদেশ সচিবালয়ে ২ নম্বর ভবনে আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের অফিস আদেশে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ কমিটির সদস্য সচিব হবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়)।

সদস্য হিসেবে থাকবেন– জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কি না তা উদঘাটন, এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধ করতে সুপারিশ প্রেরণ।

কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। দুই মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের ৮ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। এই আগুন সকাল ৮টা ৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে দুপুর পৌনে ১২টার দিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত