অভিনয়শিল্পী রিচি সোলায়মান অভিনয় থেকে দূরে আছেন অনেকদিন যাবৎ এখন পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার জন্য জীবনের নতুন জার্নি শুরু করতে যাচ্ছেন বলে জানান তিনি। সেই পরিচয় প্রতিষ্ঠিত করতে সেখানেই বেশি সময় দিতে চান রিচি।
ঢাকার উত্তরায় রিচি সোলায়মান চালু করেছেন একটি বিউটি স্যালুন। উত্তরার রবীন্দ্র সরণিতে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামের প্রতিষ্ঠানের পরিকল্পনা ছিল তার অনেক দিনের। এখানেই এখন সময় বেশি দেবেন বলে জানালেন এই অভিনয়শিল্পী ও মডেল। এমন একটি প্রতিষ্ঠান চালু করতে পেরে ভালো লাগছে বলেও জানালেন রিচি।
রিচি বলেন, ‘ভালো তো লাগছেই। এই ভালো লাগা কথা বা ভাষায় প্রকাশ করতে পারব না। কারণ, আমার জীবনে আমি যখনই যে কাজটা করেছি, তা ভালোবেসেই করেছি। খুবই নিবেদিত থেকে করেছি। যখন আমি অভিনয় করেছি; আন্তরিক ও নিবেদিত থেকেই করেছি।
তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে এই প্রতিষ্ঠানে ১০ থেকে ২০ জন নারী কাজ করবেন। এই নারীরা তাঁদের পরিবারকে সাপোর্ট করবেন। এটা যত বড় হবে, ততই সবারই সুবিধা হবে। আরও বেশি কর্মসংস্থান হবে। তত বেশি পরিবারও এই প্রতিষ্ঠান দ্বারা উপকৃত হবে।’
রিচি আরও জানান, অভিনয়টা যেহেতু এখন একেবারে কমিয়ে দিয়েছেন, তাই সময়টা এখানেই বেশি দিতে চান।
