পাত্র ছোট ভাই, বিয়ে করতে বর সেজে এলেন বড় ভাই!

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ পিএম

বগুড়ার শেরপুরে ছোট ভাইয়ের সাথে ঠিক হওয়া বিয়েতে বড় ভাই বর সেজে এসেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে, বর সেজে আসা বড় ভাই বিয়ের আয়োজনে কনেপক্ষের ক্ষতিপূরণ বাবদ এক লাখ টাকা জরিমানা দিয়েছেন। গতকাল ২৫ (ডিসেম্বর) বুধবার দিবাগত রাতে জেলার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের জুয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, পারিবারিকভাবে উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের আরমান আলীর ছেলে মীর শহিদের সঙ্গে এক মেয়ের বিয়ে ঠিক হয়। মেয়েটি গরিব হওয়ায় এলাকাবাসী টাকা দিয়ে বিয়ের আয়োজন করে। বিয়ে বাড়িতে আমন্ত্রিত অতিথিদের খাওয়ার পর্ব শেষ হলে বিয়ে পড়ানোর প্রস্তুতি চলছিল। এরমধ্যেই ঘটে বিপত্তি! বিয়ে বাড়ির লোকজন বুঝতে পারেন ছোট ভাই শহীদের পরিবর্তে বরবেশে এসেছেন বড় ভাই আব্দুল মোমিন। শুরু হয় শোরগোল। পরে, রাত ৯টার দিকে দুই পক্ষ বসে বিয়ের খরচ হওয়া এক লাখ টাকা দিয়ে তারা চলে যায়।

বর সেজে আসা আব্দুল মোমিন বলেন, সবকিছু কিনে বিয়ের জন্য ছোট ভাই শহীদ প্রস্তুতি নিয়েছিল। কিন্তু, গত মঙ্গলবার রাত থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। তাই উভয়পক্ষের সম্মানের কথা ভেবে আমি নিজেই বিয়ে করতে এসেছিলাম। তাদের সম্মতি থাকলে আমি বিয়েও করতাম।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ঘটনা জানার পর পরই পুলিশ পাঠানো হয়েছিল। দুই পক্ষ বসে নিজেদের মাঝে সমস্যার সমাধান করে নেয়ায় কেউ কোনও অভিযোগ দেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত