ভেজিটেবল পাই
উপকরণ
পাই ডো তৈরি : ময়দা ২ কাপ, বাটার ১ কাপ, লবণ ১ চা চামচ, চিনি আধা চা চামচ, পানি ৭ টেবিল চামচ।
ফিলিং তৈরি : গাজর আধা কাপ, মটরশুঁটি সিকি কাপ, ফুলকপি আধা কাপ, মাশরুম আধা কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, বাটার সিকি কাপ, স্প্রিং অনিয়ন ২ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, চিলিফ্লেক্স ১ চা চামচ, স্টক ১ কাপ, ময়দা সিকি কাপ, লবণ আধা চা চামচ, ডিম ১টা।
যেভাবে তৈরি করবেন
১. ময়দার সঙ্গে লবণ, চিনি ও বাটার ভালো করে মিশিয়ে নিন। এবার এর মধ্যে অল্প করে পানি মিশিয়ে খামির বানিয়ে ফ্রিজে ১ ঘণ্টা রেখে দিন।
২. সব সবজি ছোট কিউব কাট করে কেটে রাখুন।
৩. ফ্রাইপ্যানে বাটার ও রসুন কুচি দিয়ে নেড়ে সব সবজি দিন। হাল্কা সিদ্ধ হলে এর মধ্যে মাশরুম দিয়ে নেড়ে লবণ, চিলিফ্লেক্স ও গোলমরিচের গুঁড়া দিয়ে ২ মিনিট নেড়ে স্টক দিয়ে শুকিয়ে নামান।
৪. ছোট পাই মোল্ড নিয়ে বাটার ব্রাশ করে খামির দিয়ে ছোট রুটির মতো করে বানিয়ে ওই মোল্ডে বসিয়ে দিন। এর মধ্যে ফিলিং দিয়ে ওপরে আবার রুটির মতো বানিয়ে ঢেকে দিন।
৫. ডিম ব্রাশ করে সামান্য গোলমরিচের গুঁড়া ছিটিয়ে ওভেনে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২ মিনিট বেক করে নিন।
চিজ ভেজিটেবল নাগেটস
উপকরণ
সিদ্ধ আলু ৪টি, গাজর মিহি কুচি আধা কাপ, সিদ্ধ কর্ন সিকি কাপ, ফুলকপি ছোট করে কাটা আধা কাপ, বাঁধাকপি কুচি সিকি কাপ, মটরশুঁটি সিকি কাপ, ঢাকাই পনির আধা কাপ, চালের গুঁড়া সিকি কাপ, পাউরুটির গুঁড়া আধা কাপ, কর্নফ্লাওয়ার সিকি কাপ, লবণ ১ চা চামচ, চিলিফ্লেক্স ১ চা চামচ, অরিগ্যানো ১ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, আদা ও রসুন গুঁড়া ১ চা চামচ, চাট মসলা ১ চা চামচ, ডিম ১টি, ব্রেড ক্রাম ১ কাপ, তেল আধা কাপ।
যেভাবে তৈরি করবেন
১. আলুকে ভালো করে ম্যাশ করে নিন। গাজর কুচি, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি হাল্কা ভাপে সিদ্ধ করে নিন।
২. এবার ম্যাশ করা আলুর সঙ্গে ডিম বাদে সব সবজি ও বাকি উপকরণ দিয়ে ভালো করে মেখে নিন।
৩. মিশ্রণটাকে ছোট ছোট নাগেটসের আকার বানিয়ে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে ডুবো তেলে ভেজে রাখুন।
ক্রিস্পি হট অ্যান্ড সাওয়ার ভেজিটেবল
উপকরণ
আলু ১ কাপ, গাজর ১ কাপ, ফুলকপি আধা কাপ, বেবিকন আধা কাপ, ব্রুকলি আধা কাপ, মাশরুম আধা কাপ, চালের গুঁড়া আধা কাপ, ময়দা আধা কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া এক চা চামচ, লবণ ১ চা চামচ, চিলি সস এক কাপের চার ভাগের তিন ভাগ, সয়াসস ২ টেবিল চামচ, ওয়েস্টের সস ২ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, চিলি ফ্লেক্স ১ চা চামচ, স্প্রিং অনিয়ন সিকি কাপ, বাটার ৩ টেবিল চামচ, তিল ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. সবজি কিউব করে কেটে হাল্কা ভাপে সিদ্ধ করে নিন।
২. এবার ময়দা, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, গোলমরিচের গুঁড়া, লবণ ও পরিমাণ মতো পানি দিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন।
৩. সিদ্ধ সবজিগুলো ও মাশরুম ওই মিশ্রণে ডুবিয়ে দুবার ডুবো তেলে ফ্রাই করে নিন।
৪. একটা প্যানে বাটার নিয়ে এর মধ্যে রসুন কুচি ও চিলি ফ্লেক্স দিয়ে হাল্কা নেড়ে এর মধ্যে সব সস দিয়ে নেড়ে ফ্রাই করা সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। স্প্রিং অনিয়ন দিয়ে চুলা থেকে নামিয়ে ওপরে সামান্য ছড়িয়ে পরিবেশন করুন।
ক্যাবেজ রোল
উপকরণ
হাল্কা সিদ্ধ বাঁধাকপির পাতা ৫টি, ফুলকপি ছোট কিউব করে কাটা আধা কাপ, মটরশুঁটি সিকি কাপ, ক্যাপসিকাম সিকি কাপ, সিদ্ধ চিকেন কিমা আধা কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, জিরার গুঁড়া ১ চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, ধনিয়া পাতা কুচি আধা টেবিল চামচ, বেসন ১ কাপ, সুজি আধা কাপ, লবণ ১ চা চামচ, তেল সিকি কাপ।
যেভাবে তৈরি করবেন
১. পাত্রে তেল দিয়ে পেঁয়াজ ভেজে একটু লাল হলে এর মধ্যে সব সবজি দিয়ে দিন। হাল্কা সিদ্ধ হলে বেসন, সুজি বাদে সব উপকরণ দিয়ে ফিলিং রান্না করুন।
২. একটা করে বাঁধাকপির পাতা নিয়ে এর মধ্যে রান্না করা পুর দিয়ে রোলের মতো পেঁচিয়ে নিন।
৩. বেসন, সুজি, লবণ ও মরিচের গুঁড়ার সঙ্গে পানি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। রোলগুলো এই মিশ্রণে চুবিয়ে তেলে ভেজে সসের সঙ্গে পরিবেশন করুন।
