জিন্স পরায় শাস্তি; বিশ্বের এক নম্বর দাবাড়ুর টুর্নামেন্ট বর্জন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ এএম

জিন্স পরে দাবা চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। কিন্তু আয়োজকেরা তার জিন্স নিয়ে আপত্তি জানান এবং তাকে জরিমানা করেন। এই ক্ষোভে ব্লিৎজ চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করেছেন বিশ্বের এক নম্বর দাবাড়ু কার্লসেন। অন্যদিকে দাবার নিয়ন্ত্রক সংস্থা ‘ফিদে’ তাকে খেলার অযোগ্য হিসেবে ঘোষণা করেছে।

নরওয়ের দাবাড়ু কার্লসেন র‍্যাপিডের নবম রাউন্ডে খেলতে গিয়েছিলেন জিন্স পরে। কিন্তু ফিদের ড্রেসকোড অনুযায়ী, জিন্স পরে টুর্নামেন্টে খেলা যাবে না। তাই কার্লসেনের ২০০ ডলার জরিমানা করা হয়। টুর্নামেন্টের অরবিটার (আম্পায়ার) অ্যালেক্স হোলোকজ্যাক বলেছেন, কার্লসেন বার বার এই ভুল করেছেন। শাস্তি পাওয়ার পর তিনি ব্লিৎজ বিভাগে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কার্লসেন বলেন, ‘ফিদের এসব নিয়ম দেখে আমি ক্লান্ত। আর এসব সহ্য করা যায় না। তাদের কিছু করতে হবে না। সমর্থকদের জন্য আমি দুঃখিত।’ অন্য একটি সংবাদমাধ্যমকে কার্লসেন বলেন, ‘আমি বলেছিলাম পরেরদিন পোশাক বদলে আসব। কিন্তু তারা বলে এখনই পরিবর্তন করতে হবে। এটা আমার আত্মসম্মানের বিষয়। সত্যি বলতে, এসব করার বয়স পেরিয়ে এসেছি। আমি এমন জায়গায় খেলতে চাইব, যেখানে পরিবেশটা ভালো।’

অন্যদিকে ফিদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিশ্ব র‍্যাপিড এবং ব্লিৎজ চ্যাম্পিয়নশিপের কিছু নিয়ম আছে। পোশাক নিয়েও আছে। সেটা সব খেলোয়াড়দের জন্যই সমান। ম্যাগনাস কার্লসেন জিন্স পরে সেই নিয়ম ভেঙেছেন। আরবিটার সেই অনিয়মের কথা জানিয়ে কার্লসেনকে জরিমানা করেছেন। তাকে পোশাক পরিবর্তন করে আসার কথাও বলা হয়। কিন্তু কার্লসেন তা করেননি। সেই কারণে নবম রাউন্ডে তাকে কারও সঙ্গে খেলতে দেওয়া হয়নি। নিয়ম সব খেলোয়াড়দের জন্যই সমান।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত