দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গত সপ্তাহে বড় পর্দায় অভিষেক হলো মেহজাবীন চৌধুরীর। নামের আগে যুক্ত হলো চিত্রনায়িকা। টেলিভিশনের শীর্ষ এই তারকার অভিনেত্রী থেকে চিত্রনায়িকা হওয়া এবং সিনেমার জার্নি নিয়ে তার সঙ্গে কথা বলেছেন ইমরুল নূর
প্রায় পনেরো বছরের ক্যারিয়ার তার। সদ্য মুক্তি পাওয়া ‘প্রিয় মালতী’ দিয়ে অভিষেক এবং মুক্তির পর দর্শকের পাশাপাশি শোবিজের শিল্পী-নির্মাতাদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন মেহজাবীন। তাদের অসীম ভালোবাসায় সিক্ত এই শিল্পী হয়েছেন আবেগাপ্লুত, সঙ্গে উচ্ছ্বসিতও।
সিনেমাটির দর্শক প্রতিক্রিয়া প্রসঙ্গে চিত্রনায়িকা মেহজাবীন চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। যারাই কাজটি দেখেছেন তারা অনেক প্রশংসা করছেন, সাধুবাদ জানাচ্ছেন। সেই সঙ্গে সাধারণ দর্শকের পাশাপাশি আমাদের সহকর্মীরাও সিনেমাটি দেখে ভাবনায় পড়ে গিয়েছেন, আবেগাপ্লুত হয়েছেন এবং আমাদের পুরো টিমকে সাধুবাদ জানিয়েছেন, জানাচ্ছেন। আমি সত্যি অভিভূত। আফসানা মিমি আপু যিনি আমার শিক্ষক, তারপর জয়া আহসান, যাকে আমি মেন্টর মানি; তারা সিনেমা এবং আমার অভিনয় নিয়ে এত এত প্রশংসা করেছেন, যেগুলো শুনে আমি নিজেই আবেগাপ্লুত হয়ে পড়ি।’
তিনি আরও বলেন, ‘আমার মতো একজন ক্ষুদ্র অভিনয়শিল্পীকে তারা শোবিজের সবচেয়ে বড় মাধ্যমে অর্থাৎ বড় পর্দায় এতটা ভালোবাসায় আমাকে স্বাগত জানিয়েছেন, এটা আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। এই স্মৃতিটুকু আমি সবসময় লালন করে যাব এবং তাদের কাছ থেকে যে ভালোবাসা এবং পরামর্শটুকু পেয়েছি নতুন এই যাত্রার শুরুতে সেটার সম্মান সবসময় রাখব।’
এই যে এখন নামের আগে চিত্রনায়িকা যুক্ত হলো, এই বিষয়টা কেমন লাগছে, এমন প্রশ্নে মেহজাবীনের সহজাত উত্তর, ‘অনেকেই এটা মেনশন করছেন, চিত্রনায়িকা বলছেন, লিখছেন কিংবা ডাকছেন; ভালোই লাগছে। সত্যি বলতে আমি সবসময় আমার কাজটাকেই মূল্যায়ন করে এসেছি, সামনেও তাই করব। আমি নিজেকে একজন অভিনয়শিল্পী মনে করি এবং শুধু অভিনয়টাই করে যাই। তবে আমার ভক্তরা বেশ উপভোগ করছে এটা। অনেক দিন থেকেই তারা চাইছিল আমি সিনেমা করি। তাদের আনন্দে আমিও আনন্দিত। এটাই ভালো লাগছে।’
গল্পপ্রধান, একই সঙ্গে নারীপ্রধান গল্পে সিনেমায় অভিষেক। সামনেও কি আপনাকে এ রকম সিনেমাতেই পাওয়া যাবে নাকি নাচ-গানে ভরপুর কমার্শিয়াল সিনেমায় দেখা যাবে? বিষয়টিকে মেহজাবীন বেশ স্বাভাবিক এবং সুন্দরভাবে ব্যাখ্যা করলেন এভাবে, ‘আমি সবসময় গল্পপ্রধান কনটেন্টেই কাজ করতে প্রেফার করি। এটা আমার কাছে ভালো লাগার জায়গা। যে গল্পগুলো মানুষকে কানেক্ট করবে, ভাবাবে ‘প্রিয় মালতী’র মতো। আমার শুরুটা এমন সিনেমা দিয়েই করতে চেয়েছিলাম যেটা দেখার পর সবার একটা ভাবনার জগৎ তৈরি হবে। এমনটাই কিন্তু হয়েছে। সবাই সিনেমাটিকে যেভাবে গ্রহণ করেছে, মনে হচ্ছে আমি আমার জায়গায় সার্থক। যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটাই সঠিক। সিনেমাটি মানুষকে ভাবাতে পেরেছে। এখানেই আমি সার্থক।’
প্রসঙ্গ টেনে এই নায়িকা আরও বলেন, ‘কমার্শিয়াল, আর্ট নামে আমরা সিনেমাকে ভাগ করে ফেলি, এটা আমার কাছে পছন্দ না। সব কনটেন্টই কিন্তু সিনেমা হয়তো দর্শক আলাদা। আমার মনে হয়, সিনেমাকে সিনেমা হিসেবেই দেখা উচিত। আমি সব ধরনের, সব জনরার সিনেমাই করব, কিন্তু সে ক্ষেত্রে গল্পটা অবশ্যই প্রধান আমার কাছে। তারপর আমার চরিত্র। এ রকম কিছু হলে আমি অবশ্যই কাজ করব। আর নাচ-গানের কথা যদি বলি, গল্পে যদি সেসব ডিমান্ড করে তাহলে অবশ্যই করব, কেন করব না।’
সবশেষে মেহজাবীন বলেন, ‘প্রথম সপ্তাহ পেরিয়ে এখন দ্বিতীয় সপ্তাহেও চলছে ছবিটি। দর্শকও বাড়ছে। গত পরশু দিন, গতকালকেও বেশ কিছু হাউজফুল শো গিয়েছে বলে শুনেছি। দর্শক আগের চেয়ে একটু একটু করে বাড়ছে। এখন যারা হলে আসছেন তারা অন্যান্য দর্শকের রিভিউ শুনে দেখতে আসছেন। এটাই ভালো লাগার। সবাই আসুক হলে, সিনেমাটি দেখুক এবং তাদের ভালো লাগা-মন্দ লাগা আমাদের জানাক। তাদের সব মন্তব্যকেই স্বাগত জানাই।’
