রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসককে পাবনা থেকে উদ্ধার করেছে র্যাব। একই সময় এই অপহরণের মূলহোতা তানজিম খান তাজসহ ৩ জনকে আটক করা হয়েছে। র্যাবের একটি দল গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে এই অভিযান চালায়।
র্যাব-৫ এর অধিনায়ক ফিরোজ মাহমুদ জানান, রাত সাড়ে ৮টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা ওই চিকিৎসককে উদ্ধার করে এবং সন্দেহভাজন অপহরণকারীকে পাবনা থেকে আটক করে। এ ঘটনার বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
সোমবার ভোরে রাজশাহীর ওই নারী চিকিৎসককে (২৬) বাড়ি থেকে অপহরণ করা হয়। নারী চিকিৎসকের সঙ্গে তার বাবাকেও নেওয়া হয়েছিল। তবে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় তাকে ফেলে যায় অপহরণকারীরা। পরে স্থানীয় থানা পুলিশ ভুক্তভোগী চিকিৎসকের বাবাকে তার স্বজনদের হাতে হস্তান্তর করেন। সোমবার রাতে এ ঘটনায় মামলা করেছেন ওই চিকিৎসকের বাবা।
অপহৃত চিকিৎসক (২৬) রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে ডেন্টাল বিডিএস শেষ করেছেন। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা। সোমবার ভোরে চন্দ্রিমা এলাকার বাসা থেকে বাবা-মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়। বাবা-মেয়েকে তুলে নেওয়ার সময় দেয়ালে মাথা ঠুকে দেয়ায় অপহৃত ডাক্তারের মা আহত হন।
র্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার ১ নং এজাহার নামীয় আসামি তানজিম খান তাজ (৩০) এবং অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাস চালক আশরাফুল (৩৫) এবং মূল অপহরণকারীর সহযোগী সজীবকে (২৩) পাবনার মনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসা থেকে আটক করা হয়েছে। সেখান থেকেই অপহৃত চিকিৎসককে উদ্ধার করা হয়েছে।
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল জামায়াত নেতার
আতশবাজি ও ফানুস ওড়াতে গিয়ে ২ শিশুসহ দগ্ধ ৫