বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, ছাত্ররা স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিজয়ী হয়েছে। তারা বন্দুকের গুলি ভয় পায়নি ও তাদের কোনো পিছুটান না থাকায় তারা বিজয়ী হয়েছে। ছাত্ররা বুক ফুলিয়ে বলেছে আমাকে গুলি করো। দেখি কত গুলি করতে পার। কিন্তু আমার গায়ে হাত উঠাতে পারবে না। ছাত্ররা সেই সাহস দেখিয়েছিল বলেই বাংলাদেশ থেকে স্বৈরশাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
বুধবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার কো-অপারেটিভ মোড়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিকেল ৩টায় পলাশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ থেকে উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য এক র্যালি বের হয়।
ড. আব্দুল মঈন খান বলেন, তোমরা নতুন করে শপথ গ্রহণ করো, এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। ৫ আগস্ট আমরা যে সংগ্রাম করেছিলাম সেই সংগ্রামের মাত্র প্রথম অধ্যায় শেষ হয়েছে। সংগ্রামের দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করব।
তিনি বলেন, সংগ্রামের সর্বশেষ অধ্যায় হবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ৩০০ জনপ্রতিনিধি আমরা সংসদে পাঠাব। তারা জনগণের ভোটে জনপ্রতিনিধি হয়ে আইনের শাসন বাংলাদেশে কায়েম করবে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে। এদেশ পুনরায় একটি গণতান্ত্রিক দেশ হিসেবে নতুন করে গড়ে উঠবে। যেই গণতান্ত্রিক দেশ গড়ার জন্য ১৯৭১ সালে লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল।
পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি