ভারতে আটক থাকা ৯০ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। পাশাপাশি মুক্তি দেওয়া হচ্ছে বাংলাদেশে আটক থাকা ৯৫ ভারতীয় জেলে ও নৌকর্মীকে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী রবিবার (৫ জানুয়ারি) আন্তর্জাতিক জলসীমায় এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কোস্টগার্ড ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীকে ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করার এবং ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে ৯০ জন বাংলাদেশি জেলে ও নৌকর্মীকে গ্রহণ করার প্রক্রিয়া শুরু করেছে। একই সঙ্গে ভারতে আটক বাংলাদেশের দুটি ফিশিং ভেসেল এবং বাংলাদেশে আটক ভারতের ছয়টি ফিশিং বোটও হস্তান্তরিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে আগামী ৫ জানুয়ারি আন্তর্জাতিক জলসীমায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হবে। আগামী ৬ জানুয়ারি বিকেলে বাংলাদেশি জেলে ও নৌকর্মীরা তাদের ফিশিং ভেসেলসহ চট্টগ্রামে ফেরত আসবেন বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য, ভারতীয় জলসীমায় ‘অবৈধভাবে’ মাছ ধরার অভিযোগে গত ১০ ডিসেম্বর ৭৮ নাবিকসহ দুটি বাংলাদেশি ট্রলার আটক করে দেশটির কোস্ট গার্ড। এর আগে সেপ্টেম্বরে আটক হন আরও ১২ জন বাংলাদেশি জেলে, যখন তাদের ট্রলার ভারতের জলসীমায় ডুবে যায়।
এছাড়া গত অক্টোবর-নভেম্বর মাসে ভারতীয়দের ছয়টি ট্রলার বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে। সেগুলোয় মোট ৯৫ জন জেলে ছিলেন। গত ২৬ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে ভারতের ৯৫ জেলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং তাদের ট্রলার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। তার বর্তমানে বাগেরহাট ও পটুয়াখালীর কারাগারে রয়েছে।
নতুন বাংলাদেশে শিক্ষকরা পূর্ণ মর্যাদা পাবেন: হাসনাত আব্দুল্লাহ
খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, নিলেন স্বাস্থ্যের খোঁজ