মায়েরা আন্দোলন করব

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৪:৪৩ এএম

আমরা মায়েরা আন্দোলন করব, এত কষ্ট করে বাচ্চাকে লালন-পালন করলাম আর দেখেন না তারা বাবার ভক্ত হয়ে যায়; মায়ের চেয়েও বাবাকে বেশি ভালোবাসে মজা করেই বলছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। নতুন বছরে নিজের পরিকল্পনা ও ছেলে আব্রাম খান জয়কে নিয়ে কথা বলছিলেন ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা।

নতুন বছরে চলচ্চিত্রের দিকেই বেশি ফোকাস দেবেন এই নায়িকা। গতকাল শুক্রবার বিকেলে আলাপকালে অপু বিশ্বাস বলেন, ‘আমি আসলে এ বছর চলচ্চিত্রের দিকে একটু বেশি ফোকাস করব। কেননা চলচ্চিত্রই আমার জায়গা। নতুন নতুন সিনেমা নিয়ে পরিকল্পনা রয়েছে। তবে যতক্ষণ পর্যন্ত সেসব আলাপ চূড়ান্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত হয়তো আমাকে চুপ থাকতে হবে। তবে একটা জিনিস চূড়ান্ত হয়ে গেলে তখনই ঘোষণা দিতে মজা।’

তবে এসবের বাইরে গত বছর শুরু করা নিজের ব্যবসাটা বাড়াবেন এ বছর। বললেন, ‘গত বছর যে ব্যবসাটা শুরু করেছি। সেটা নিয়েও একটা পরিকল্পনা রয়েছে। এ বছর ব্যবসার পরিসরটা বাড়াব। সেটা নিয়ে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছি।’

সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে অপু বিশ্বাস বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেসব নিয়ে নেটিজেনরা নানা সময় জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। এ প্রসঙ্গেও কথা বললেন অভিনেত্রী। অপুর ভাষ্য, ‘আসলে সৌন্দর্য সৃষ্টিকর্তার দান। আর তারচেয়েও বড় বিষয় হলো দেখার চোখ। যাদের দেখার চোখে সৌন্দর্য থাকে, তারা সুন্দরে, সৌন্দর্য খুঁজে পায়। সবচেয়ে বড় কথা আমার সৌন্দর্যের পেছনে বড় কোনো রহস্য নেই, সবই ভক্তদের ভালোবাসা।’

এ সবের বাইরেও অপু বিশ্বাস জানালেন একটি খবর, সেই খবরটি হলো ছেলে আব্রাম খান জয় বিদেশ যাচ্ছে না। গত বছরের এপ্রিলেই অপু বিশ্বাস বলেছিলেন, ‘শাকিব আর আমি দুজন মিলেই ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। চলতি বছরেই পড়াশোনার জন্য বিদেশে যাবে জয়।’ তবে এটা আর হচ্ছে না। এ বিষয়ে অপু বলছেন, হ্যাঁ সিদ্ধান্ত ছিল জয় বিদেশে পড়তে যাবে, সিদ্ধান্তটা আমার ও ওর বাবার দুজনের পক্ষ থেকেই ছিল। কিন্তু জয় ওর বাবাকে ছাড়া থাকতে পারবে না। ফলে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।

বাবাকে ছাড়া থাকতে না পারার কারণকে আরও জোরালোভাবে ব্যাখ্যা করলেন কোটি টাকার কাবিন খ্যাত নায়িকা। বললেন, ‘আসলে জয় ওর বাবাকে প্রচণ্ড ভালোবাসে, ওর বাবাও ওকে প্রচণ্ড ভালোবাসে। জয় জানিয়েছে বাবাকে ছেড়ে বিদেশে গিয়ে তার পক্ষে থাকা সম্ভব না। তাই ওর বাবাও সেটা মেনে নিয়েছে, বলা যায় খুশিই হয়েছে। কেননা দুজন দুজনকে ছাড়াই থাকতে পারে না। তাছাড়া জয়ের চোখে পৃথিবীর সেরা হিরো ওর বাবা। সে নিজেই ওর বাবাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে বলেছে বাবা তুমি অনেক স্মার্ট, আমার চেয়েও আমি ওদের কথা শুনে হাসি। দেখেন ও বাবার কী ভীষণ ভক্ত। তাহলে আমাদের মায়েদের আন্দোলন করা উচিত না? আমরা মায়েরা আন্দোলন করব, এত কষ্ট করে বাচ্চাকে লালন-পালন করলাম আর দেখেন না তারা বাবার ভক্ত হয়ে যায়; মায়ের চেয়েও বাবাকে বেশি ভালোবাসে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত