পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১০:৪১ এএম

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকালে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টা থেকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় নদীতে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। এর ফলে রাত সাড়ে ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এবং রাত সাড়ে ১১টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কুয়াশার কারণে নদী পথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, শনিবার সকালে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়। সকাল ৭টা ৪০ মিনিটে আরিচা-কাজিরহাট নৌরুটে এবং সকাল পৌনে ৮টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। এতে করে দীর্ঘ সময় বন্ধ থাকার পর যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমে।

তিনি আরও বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও আরিচা ঘাটে অনেক যানবাহন আটকে পড়েছিল। তবে ফেরি চলাচল শুরু হওয়ায় সেগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১২টি এবং আরিচা-কাজিরহাট রুটে ৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত