৭৭-এ মিয়ানমার, ৫৮৬৪ বন্দিকে মুক্তি দিচ্ছে জান্তা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১১:৫৬ এএম

৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৫ হাজার ৮৬৪ জন বন্দিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিচ্ছে মিয়ানমার। তাদের মধ্যে ১৮০ জন বিদেশিও রয়েছে। শনিবার (০৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর ৪ জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। ১৯৪৮ সালের এই দিনে মিয়ানমার (তৎকালীন বার্মা) ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা অর্জন করে। এই দিনটি সেখানে জাতীয় ছুটি হিসেবে উদযাপিত হয় এবং দেশজুড়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, পতাকা উত্তোলন, সামরিক কুচকাওয়াজ ও জনসমাবেশের আয়োজন করা হয়।

২০২১ সালের শুরুর দিকে দেশটির নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী। তারপর থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনকে সহিংসভাবে দমন করছে জান্তারা, যা একটি জাতীয় সশস্ত্র বিদ্রোহের জন্ম দিয়েছে। যদিও জান্তা বলছে, তারা এ বছর নির্বাচন দেবে। তবে এই পরিকল্পনা প্রহসন বলে নিন্দা জানিয়েছে বিরোধী গোষ্ঠীগুলো।

জান্তার হাতে আটক থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন দেশটির সাবেক নেত্রী নোবেল বিজয়ী অং সান সু চি। ৭৯ বছর বয়সী এই নেত্রী ১৪টি ফৌজদারি অভিযোগের আওতায় ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। যার মধ্যে উসকানি, নির্বাচনী জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে তার আইনজীবীদের মতে, তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত