চট্টগ্রামে সাবেক ওসিকে মারধর, স্বেচ্ছাসেবক দলের সেই নেতা বহিষ্কার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৪:৫৮ পিএম

চট্টগ্রাম নগরের সাবেক ওসিকে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদুল ইসলামকে বহিষ্কার করেছে দলটি। শহীদুল ইসলাম নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। আজ মঙ্গলবার সকালে নগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম আবু বক্করের সই করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এরআগে সোমবার বেলা আড়াইটার দিকে পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে পেয়ে তাকে মারধর করেন শহিদুল ইসলাম শহীদ এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক নুর  হোসেন। তার সঙ্গে আরও কয়েকজন নেতাকর্মী ছিলেন। একপর্যায়ে ওসি নেজামের কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলেন বিক্ষুব্ধরা। নেজামকে মারধর করা হয়। 

মঙ্গলবার নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে শহীদুল ইসলামকে প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কারের কথাও জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নেজাম উদ্দিন কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট ও সর্বশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তাকে কুমিল্লায় অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তার পরিবার চট্টগ্রাম শহরে থাকে। তিনি ছুটিতে বাসায় এসে গতকাল পাঁচলাইশ এলাকায় একটি বেসরকারি বিদ্যালয় থেকে সন্তানকে আনতে গিয়েছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত